
কারাগার থেকে পালিয়ে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর নিজ গ্রামে এসে গণপিটুনিতে প্রাণ গেল জালাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তির। ডাকাতিসহ একাধিক মামলার আসামি জালাল ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যান। এরপর থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাঝেমধ্যে এলাকায় যাতায়াত করতেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জালাল ওই গ্রামের প্রয়াত আক্কাস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জালাল মিয়া দীর্ঘদিন ধরে এলাকার বাইরে অবস্থান করছিলেন। তবে মাঝেমধ্যে গোপনে নিজ এলাকায় আসতেন। বৃহস্পতিবার রাতে গ্রামের নুরুদ্দিনের কলাবাগানে তাকে দেখতে পান স্থানীয় কয়েকজন। এ সময় তাকে ঘিরে ধরে একদল লোক। পরে উত্তেজিত জনতার পিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
খবর পেয়ে পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, নিহত জালাল ডাকাতিসহ একাধিক মামলার আসামি ছিলেন। তার বিরুদ্ধে পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়ার পর তিনি আত্মগোপনে ছিলেন। পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাঝেমধ্যে এলাকায় যাতায়াত করতেন। বৃহস্পতিবার রাতে তাকে কলাবাগানে দেখতে পেয়ে একদল লোক পিটুনি দেয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
আরটিভি/এমএম




