
নরসিংদী রেলস্টেশনে আরও তিনটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
আজ (বৃহস্পতিবার) ঢাকা থেকে নোয়াখালীগামী আন্তঃনগর ট্রেন উপকূল এক্সপ্রেস যাত্রাবিরতির মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব:) মো. নজরুল ইসলাম হিরু।
এ উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে নরসিংদী রেলওয়ে স্টেশনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য রেলপথ মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান কামরুল, রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফারুকুজ্জামান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, রেলওয়ে সংস্কার প্রকল্পের প্রকল্প পরিচালক মিয়া জাহান ও ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শফিকুর রহমানসহ আরও অনেকে।

সড়ক পথে যানজট এড়িয়ে দ্রুত ভ্রমণের জন্য নরসিংদীতে জনপ্রিয় হয়ে উঠেছে রেলপথ। কিন্তু অপ্রতুল ট্রেন ও আসন স্বল্পতার কারণে যাত্রীদের দুর্ভোগ ও বিড়ম্বনা নিত্যদিনের সঙ্গী। যাত্রী সেবার মান বৃদ্ধি করতে নরসিংদী রেলওয়ে স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন। রেলপথ মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লার ঐকান্তিক প্রচেষ্ঠায় গত ২৪ সেপ্টেম্বর নরসিংদী স্টেশনে ৩টি আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির অনুমতি দেয় রেলপথ মন্ত্রণালয়।
আরও পড়ুন :
জেএইচ



