
গাজীপুরে এক শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
বৃহস্পতিবার রাতে বাসন সড়ক ঈদগাহ সংলগ্ন ভোগড়া দক্ষিণপাড়া এলাকার এই ঘটনা ঘটে।
নিহতের নাম সবেদ মিয়া (৭০)। তিনি ওই কলোনিতে থেকে সবজির ব্যবসা করতেন এবং রংপুর জেলার পীরগঞ্জ থানার ১১ নং পাঁচগাছি ইউনিয়নের জাহাঙ্গীরাবাদ সিরারপাড় এলাকার মৃত জাফর মুন্সির ছেলে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, গাজীপুর সিটি করপোরেশনের বাসন সড়ক ঈদগাহ সংলগ্ন ভোগড়া দক্ষিণপাড়া এলাকার জরিনা বেগমের জমি ভাড়া নেন স্থানীয় স্বপন মিয়া নামের এক ব্যক্তি। স্বপন সেখানে ৩২টি কক্ষ নির্মাণ করে শ্রমিক কলোনি গড়ে তুলেন।বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে ওই কলোনির একটি কক্ষে রান্নার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পুরো কলোনিতে আগুন ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। এসময় আগুনে দগ্ধ হয়ে ঘুমন্ত সবেদ মিয়া মারা যান এবং তার নাতি শিমুল (৮) দগ্ধ হয়ে আহত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায় এবং হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আগুন নেভাতে গিয়ে স্থানীয় তিনজন আহত হয়েছে। তবে এ ঘটনার পর থেকে সবুজ মিয়া (৪০) নামের এক ব্যক্তি নিখোঁজ রয়েছে বলে স্থানীয়রা দাবি করেছে।আগুনে ওই কলোনির সব কটি কক্ষ মালামালসহ পুড়ে গেছে।
নিহতের ছেলে মিজানুর রহমান জানান, স্ত্রী-সন্তান নিয়ে ওই কলোনির ভাড়া বাসায় থেকে সবেদ মিয়া পার্শ্ববর্তী আড়তে সব্জির ব্যবসা করতেন। ঘটনার সময় স্ত্রীকে দোকানে রেখে তিনি বিশ্রাম করতে বাসায় গিয়ে ঘুমিয়ে পড়েছিলেন।
আরও পড়ুন :
জেবি



