
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে এ মাসের ১৬ তারিখ থেকে এ পর্যন্ত ১০১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৩৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
দুইজন গতকাল ভোর রাতে মারা গেছেন। বর্তমানে চিকিৎসাধীন ৫০ জন রোগীর মধ্যে ১৩ জন নারী, ৩৪ জন পুরুষ ও তিনজন শিশু রয়েছেন।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরের সকল পরীক্ষা-নিরীক্ষা গতকাল থেকে ফ্রি করা হয়েছে।
বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।
তিনি বলেন, আসন্ন ঈদুল আজহায় সকল চিকিৎসক, সেবক-সেবিকা, কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। এককথায় কুরবানির ঈদে রোগীদের সেবা নিশ্চিত করতে আমরা প্রস্তুতি শুরু করে দিয়েছি।
এদিকে বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠি গ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আলেয়া বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পথে গতকাল মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. মাহাবুব আলম মির্জা।
আরও পড়ুন
জেবি/পি




