
মা ইলিশের নিরাপদ প্রজনন রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও সরগরম হয়ে উঠেছে চাঁদপুরের প্রধান মৎস্য আড়ত।
বুধবার মধ্য রাত থেকেই পদ্মা-মেঘনা নদীতে নেমেছে হাজার হাজার জেলে। জেলেরা আহরণকৃত ইলিশ নৌকা ও ট্রলারে করে নিয়ে আসছে মাছঘাটে। হাঁকডাক দিয়ে বিক্রি শুরু হয়েছে রূপালি ইলিশ।
বৃহস্পতিবার দুপুর ১২টায় চাঁদপুর মাছঘাটে গিয়ে দেখা গেছে চাঁদপুর সদর ও আশপাশের এলাকার শত শত ট্রলার করে জেলেরা ইলিশ আড়তে উঠাচ্ছে। আড়তদাররা ইলিশগুলো স্তূপ করে সাজাচ্ছে। পাইকারি ডাক উঠানোর পরে খুচরা ক্রেতারা ইলিশ কিনছেন।
মাছঘাটের ব্যবসায়ীরা জানান, নিষেধাজ্ঞার সময় অনেক জেলে গোপনে মাছ আহরণ করে রাখে। সেইসব ইলিশসহ বুধবার রাতে আহরণ করা ইলিশ আমদানি হওয়ার কারণে মাছঘাট এখন সরগরম। তবে কয়েকদিন সময় অতিবাহিত হলে বুঝা যাবে নদীতে ইলিশের বিচরণ কম না বেশি।
মাছঘাটের আরেক ব্যবসায়ী চুন্নু বলেন, স্থানীয় জেলেদের আহরণকৃত ইলিশের বাজার দর হচ্ছে এক কেজি ওজনের একটি ইলিশ ৭৫০ থেকে হাজার টাকায় বিক্রি হচ্ছে। এক কেজির বেশি ওজনের ইলিশ ১২শ’ থেকে ১৬শ’ টাকা। ছোট সাইজের ইলিশের আমদানি খুবই কম।
মৎস্য ব্যবসায়ী হানিফ ব্যাপারী ও মনির জানান, নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর যে পরিমাণ ইলিশ আড়তে এসেছে এতে দাম কমার কোনও সম্ভাবনা নেই। আগের দামেই ইলিশ বিক্রি হচ্ছে। তবে আগামীতে ইলিশের দাম কম নয় বরং বাড়ার সম্ভাবনাই বেশি।
জেবি




