
কুষ্টিয়ার মিরপুর থানার আলোচিত চেনি মোল্লা হত্যা মামলায় তার ভায়রা ভাই লালন গাজীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী এ রায় ঘোষণা করেন। এসময় দণ্ডপ্রাপ্ত আসামি লালন গাজী আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, ২০১৭ সালের ১২ মার্চ পারিবারিক কলহে লালন গাজীর স্ত্রী শ্যামলীকে মারধর করে চেনি মোল্লা। দুই দিন পর ১৪ মার্চ চেনি মোল্লা মিরপুর সাপ্তাহিক বাজারে আসলে লালন গাজী জনসম্মুখে হাতুড়িপেটা ও কুপিয়ে মারাত্মক জখম করে চেনি মোল্লাকে।
চিকিৎসার জন্য তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। বাজারের লোকজনের সহায়তায় মিরপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকেই অভিযুক্ত লালন গাজীকে আটক করে। এই ঘটনায় নিহতের বড় ভাই মিরাজুল ইসলাম মেনি মোল্লা লালন গাজীকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
এ মামলায় দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামিকে মৃত্যুদণ্ড দেন।
পরে দণ্ডপ্রাপ্ত আসামিকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়। দণ্ডপ্রাপ্ত লালন গাজী মিরপুরের চিথলিয়া গ্রামের মৃত মকবুল গাজীর ছেলে।
জেবি




