
ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর বিরুদ্ধে দুই মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার সন্ধ্যায় পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত গৃহবধূর নাম দীপান্বিতা দেবনাথ (২৫)। তিনি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ওসমান নগর গ্রামের অপূর্ব রায়ের স্ত্রী। তারা ব্রাহ্মণবাড়িয়া শহরের পাইক পাড়ায় ভাড়াটিয়া বাসায় থাকতো। অপূর্ব ব্রাহ্মণবাড়িয়ায় একটি সিমেন্ট কোম্পানির ম্যানেজার হিসেবে কর্মরত ছিল। এই ঘটনার পর থেকে স্বামী ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।
নিহতের পরিবার অভিযোগ করে জানায়, চলতি বছরের ফ্রেব্রুয়ারি মাসে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ওসমান নগর গ্রামের পরিতোষ দেবনাথের মেয়ে দীপান্বিতা সঙ্গে একই গ্রামের মৃত অমল রায়ের ছেলে অপূর্বের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তারা ব্রাহ্মণবাড়িয়া শহরের পাইক পাড়ায় ভাড়াটিয়া বাসায় থাকত। বিভিন্ন বিষয় নিয়ে প্রায় সময় তাদের মধ্যে পারিবারিক কলহ লেগে থাকত। এরই জের ধরে গতকাল বুধবার দুপুরে স্বামী ও তার পরিবারের লোকজন দীপান্বিতাকে নির্যাতন করে মৃত অবস্থায় হাসপাতালে এনে ফেলে পালিয়ে যায়। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ-পুলিশ পরিদর্শক মো. তারেক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেবি




