
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় এক কৃষকের মুখে দাহ্য পদার্থ নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে কৃষকের মুখ ঝলসে গেছে। শনিবার (২৩ নভেম্বর) রাতে কলারোয়া উপজেলার নাছোপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত কৃষকের নাম সুলতান দালাল (৫০)। বর্তমানে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি কলারোয়া উপজেলার নাতপুর গ্রামে।
এবিষয়ে আহত সুলতান দালাল বলেন, তিনি মাদরা বাজার থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন। এ সময় দুইজন লোক মোটর সাইকেল যোগে এসে তার গতিরোধ করে। পরে একজন তার মুখে টর্চলাইট মেরে রাখে অপরজন তার মুখে দাহ্য পদার্থ নিক্ষেপ করে পালিয়ে যায়।
এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কলারোয়া হাসপাতালে ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।
সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মাহবুব হোসেন জানান, তার মুখমণ্ডল ও হাত পুড়ে গেছে। তার একটি চোখ নষ্ট হয়ে যেতে পারেও বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। এদিকে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির-উল-গিয়াস ঘটনা নিশ্চিত করে জানান অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
এজে




