
নওগাঁর নিয়ামতপুর উপজেলা থেকে ১৯.২৪০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে টাস্ক ফোর্স। উদ্ধারকৃত মূর্তিটির আনুমানিক মূল্য ১৯ লাখ ২৪ হাজার টাকা।
শুক্রবার রাতে জেলার নিয়ামতপুর উপজেলার হাজীনগর ইউনিয়নের খোর্দ্দা চম্পা গ্রামে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়।
নওগাঁ-১৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এ কে এম আরিফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খোর্দ্দা চম্পা গ্রামের আব্দুল মান্নানের বাড়ির পাশে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় মূর্তিটি উদ্ধার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মূর্তিটি দেশের বাইরে পাচার করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। অভিযান পরিচালনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মূর্তিটি রেখে পালিয়ে যায়। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে।
জেবি




