
রাজশাহী নগরের দাশপুকুর এলাকায় এক খামারিকে শ্বাসরোধে হত্যা করে খামারের গরু ও ছাগল লুটে নিয়েছে দুর্বৃত্তরা।
গতকাল বুধবার রাতের কোনও একসময় এ ঘটনা ঘটে। নিহত খামারির নাম আবদুল মজিদ (৮০)।
খামারির স্ত্রী ঝরনা বেগম বলেন, সাধারণত তিনি ও তার স্বামী রাতে খামারেই ঘুমান। গেল রাতে তিনি বাড়িতে ছিলেন। আর তার স্বামী ছিলেন খামারে। আজ সকালে খামারে এসে দেখেন তার স্বামীর লাশ পড়ে আছে। খামারের চারটি গরুর একটিও নেই, দুটি ছাগল নেই।
নগরের রাজপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আবদুল মজিদকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার গলার চারপাশে আঙুলের ছাপ আছে। তারপরও লাশের ময়নাতদন্ত শেষে নিশ্চিত করে বলা যাবে। বেলা ১১টা পর্যন্ত কোনও গরু-ছাগল উদ্ধার করা যায়নি। কাউকে আটক করা সম্ভব হয়নি। তদন্ত চলছে।
জেবি




