ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

টেকনাফ সীমান্তে থামছে না ইয়াবা পাচারের হিড়িক

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি অনলাইন

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০১৯, ০১:০৮ পিএম
প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্ত জুড়ে ফের ইয়াবা পাচারের হিড়িক পড়েছে। প্রতিনিয়ত সীমান্তের কোনও না কোনও পয়েন্ট দিয়ে মিয়ানমার হতে পাচার হয়ে আসছে ভয়ঙ্কর মাদক ইয়াবার বড় বড় চালান। এর মধ্যে সীমান্তরক্ষী বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেশ কিছু বিশালাকারের ইয়াবার চালান জব্দ করতে সক্ষম হয়েছে।

এ সময় পাচারে জড়িত রোহিঙ্গা ও নারীসহ বেশকিছু মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। চলতি ডিসেম্বরে দুই সপ্তাহে র‌্যাব, বিজিবি, কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ১৭ লাখ ৪২ হাজার ৯৭০ পিস ইয়াবা উদ্ধার হয়েছে। এদিকে মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে গত দেড় বছরে টেকনাফে দেড় শতাধিক মাদক কারবারে অভিযুক্ত ব্যক্তি ও আইনশৃঙ্খলা বাহিনী ও নিজেদের মধ্যে বন্দুকযুদ্ধে নিহত হলেও নতুন করে ইয়াবার পাচার বেড়ে যাওয়ায় শঙ্কিত হয়ে পড়েছেন সচেতন মহল।

এদিকে গতকাল শুক্রবার ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকায় অভিযান চালিয়ে আট লাখ ১৪ হাজার ৯৭০ পিস ইয়াবা ও ছয়টি অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৭।

র‌্যাব সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে র‌্যাব-৭ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হ্নীলা ইউপির রঙ্গীখালী এলাকায় অভিযান চালিয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবাকারবারী ইয়ার মোহাম্মদের ছেলে নুর হাফেজ, দলিলুর রহমানের ছেলে ছৈয়দ আলম প্রকাশ কালু, ছৈয়দ হোসেনের ছেলে ছৈয়দ নুর, সব্বির আহমদের ছেলে মোহাম্মদ সোহেলকে আটক করেছে। পরে আটককৃতদের স্বীকারোক্তিতে তল্লাশি চালিয়ে আট লাখ ১০হাজার পিস ইয়াবা, ছয়টি অস্ত্র ও ৭০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ চট্টগ্রামের অপারেশন অফিসার এএসপি মাশেকুর রহমান আরটিভি অনলাইনকে জানান, দীর্ঘদিন ধরে তাদের কার্যক্রমের ওপর নজর রাখার পর শুক্রবার ভোরে তাদের এসব অস্ত্র ও ইয়াবাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ শেষে থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে একইদিন ভোর রাতে নব গঠিত র‌্যাব-১৫ এর একটি টহল টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের হাবিবছড়া গ্রামস্থ মেরিনড্রাইভ সড়কে ইয়াবা ক্রয়-বিক্রয়কালে চার হাজার ৯৭০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা হলেন, হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার মকতুল হোছেনের ছেলে কামাল হোসেন (২৯), আক্তার হোসেন (৩২), মো. নুর (২০), ও আবুল হোছেনের ছেলে আব্দুল মালেক (২৬)।

র‌্যাবের সহকারী পরিচালক পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে গত ১০ডিসেম্বর টেকনাফে পৃথক দুটি অভিযানে দুই লাখ ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লে. শাহ জিয়া।

আবার একইদিন মঙ্গলবার ভোরে হ্নীলা ইউনিয়নের জাদিমোরা এলাকায় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এক লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করেন। এ সময় বিজিবি সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে ইমাম হোসেন (২৫) নামে এক পাচারকারী নিহত হন।

অপরদিকে গেল এক ডিসেম্বর হোয়াইক্যং আমতলী এলাকা থেকে ৩০ হাজার ইয়াবাসহ জয়নাল নামে এক ইয়াবাকারবারীকে আটক করে বিজিবি জওয়ানরা। একই দিন রাতে র‌্যাব-১৫ টেকনাফ ক্যাম্পের অভিযানে জাদিমুড়া এলাকা হতে দুই লাখ ইয়াবাসহ আবুল কালাম নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়। একই দিন বিজিবি জওয়ানরা মৌলভী বাজার এলাকা হতে আসমা খাতুন নামে এক নারীকে ৩৯৫০ পিস ইয়াবাসহ আটক করেন।

পরদিন দুই ডিসেম্বর বিজিবি জওয়ানরা হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব সাতঘরিয়া পাড়া এলাকায় আব্দুল মজিদের বসতভিটায় অভিযান চালিয়ে ৪০ হাজার ইয়াবাসহ বাড়ির মালিককে আটক করেন।

গেল তিন ডিসেম্বর বিজিবি জওয়ানরা দমদমিয়া ১৪ নম্বর ব্রিজ এলাকায় অপর এক অভিযানে দেড় লাখ ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করতে সক্ষম হন।

চার ডিসেম্বর বিজিবি জওয়ানরা লেদা এলাকা হতে ৬০ হাজার ইয়াবা ও অস্ত্রসহ হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব ফরহাদকে আটক করেন।

সাত ডিসেম্বর ভোরে বিজিবি জওয়ানরা জাদিমুড়া এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমার হতে নদী সাঁতরে ৪৪ হাজার ইয়াবার চালান নিয়ে আসা রোহিঙ্গা হাফেজ আহমদকে আটক করেন। আইনশৃঙ্খলা বাহিনীর এতো অভিযানের পরও ইয়াবা পাচার বন্ধ না হওয়ায় সচেতন মহলকে ভাবিয়ে তুলেছে।

এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন বলেন, ইয়াবা পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনী দিন-রাত পরিশ্রম করে যাচ্ছে। ইতোমধ্যে বন্দুকযুদ্ধে অনেক শীর্ষ ইয়াবাকারবারী নিহত হয়েছেন। আত্মসমর্পণ করেছে তালিকাভুক্ত ১০২ ইয়াবা কারবারী।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের পাশাপাশি স্থানীয় মানুষকে আরও সচেতন হতে হবে। তাহলেই সম্ভব ইয়াবা পাচার রোধ করা।

জেবি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ইসমাঈল ও সম্পাদক জাহির
হবিগঞ্জ প্রেসক্লাবের ১৬ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে মো. ইসমাঈল হোসেন (স্বদেশ বার্তা) সভাপতি ও সায়েদুজ্জামান জাহির (আরটিভি) সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা শেষে সকলের সর্বসম্মতিক্রমে প্রেসক্লাবের আজীবন সদস্য ও হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট আবু জাহির নতুন কমিটি ঘোষণা করেন। নতুন কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি আব্দুল মঈন টিপু (দৈনিক করতোয়া), যুগ্ম সাধারণ সম্পাদক শ্রীকান্ত গোপ (নিউজ ২৪ টিভি), কোষাধ্যক্ষ শরীফ চৌধুরী (ইসলামি টিভি), দপ্তর ও প্রকাশনা সম্পাদক এসএম সুরুজ আলী (এশিয়ান টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ নূর উদ্দিন (জিটিভি)। আর কার্যনির্বাহী  সদস্য হিসেবে মনোনীত হয়েছেন, মনসুর উদ্দিন আহমেদ ইকবাল (ইত্তেফাক), মোহাম্মদ নাহিজ (বাংলাভিশন), মো. ফজলুর রহমান (দৈনিক জনতার এক্সপ্রেস), শোয়েব চৌধুরী (দেশ রূপান্তর), গোলাম মোস্তফা রফিক  (দৈনিক হবিগঞ্জ সমাচার), রাশেদ আহমদ খান (মানবজমিন), আলমগীর খান (বিটিভি), হারুনুর রশিদ চৌধুরী (এনটিভি), সৈয়দ এখলাছুর রহমান খান (যুগান্তর)। এর আগে প্রেসক্লাবের বিদায়ী কমিটির সভাপতি হারনুর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকনের পরিচালনায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সদস্য মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, গোলাম মোস্তফা রফিক, ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, মোহাম্মদ শাবান মিয়া প্রমুখ। এজে
হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ইসমাঈল ও সম্পাদক জাহির
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ, সম্পাদক নির্মলেন্দু
ফরিদপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে ইমতিয়াজ হাসান রুবেল সভাপতি  এবং নির্মলেন্দু চক্রবর্তী শঙ্কর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর একটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। বিকেল তিনটা থেকে ভোট গণনা শুরু হয়। নির্বাচনে ৯১ জন সদস্যের মধ্যে ৮৪জন সদস্য ভোট দেন। দুই বছর মেয়াদী নতুন কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ ফয়েজ আহমেদ, আমিনুর রহমান ও জুবায়ের জাকির। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন শেখ মনির হোসেন, অর্থ সম্পাদক হয়েছেন জাকির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন সঞ্জিব দাস, দপ্তর সম্পাদক হয়েছেন বি কে সিকদার, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক হয়েছেন মাহবুব হোসেন। নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন এস এম মনিরুজ্জামান, রুহুল আমিন, মনিরুল ইসলাম, শফিকুল ইসলাম, বিজয় পোদ্দার ও এম এ আজিজ। এজে
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ, সম্পাদক নির্মলেন্দু
দেশের উন্নয়নের সঙ্গে ইনস্যুরেন্স সেক্টরও এগিয়ে যাচ্ছে: মোরশেদ আলম (ভিডিও)
ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান আলহাজ মোরশেদ আলম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সব দিক থেকে এগিয়ে যাচ্ছে, সেই সঙ্গে ইনসুরেন্স সেক্টরও তার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের ফয়স লেকে ন্যাশনাল লাইফ ইনসুরেন্স কোম্পানি লিমিটেডের বৃহত্তর চট্টগ্রামের কর্মী সম্মেলন ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।   এ সময় আলহাজ মোরশেদ আলম বলেন, ইনসুরেন্স ব্যবসার ভবিষ্যৎ আছে। সরকার বীমা খাত নিয়ে কাজ করে যাচ্ছে। ন্যাশনাল লাইফ সরকারকে বিরাট অংকের ট্যাক্স দিয়ে থাকে। ন্যাশনাল লাইফে ২০ হাজারের মতো লোক কাজ করে। অনুষ্ঠানে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জামাল এম. এ. নাসের বলেন,  ন্যাশনাল লাইফ ধীরে ধীরে বড় হচ্ছে। সাড়ে সাতশ কোটি টাকার বীমা দাবীর টাকা পরিশোধ করেছে। এ সময় ন্যাশনাল লাইফের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।   অনুষ্ঠানে আলহাজ মোরশেদ আলমের সহধর্মিণী বিলকিস নাহার উপস্থিত ছিলেন। এ ছাড়াও কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক খসরু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিচালক নাদের খান, ইঞ্জিনিয়ার আলী আহমদসহ কোম্পানির উধ্বর্তন কর্মকর্তারা। এজে/ এমকে
দেশের উন্নয়নের সঙ্গে ইনস্যুরেন্স সেক্টরও এগিয়ে যাচ্ছে: মোরশেদ আলম (ভিডিও)
নিটিং ব্যবসায়ীদের প্রতি মাসে ৮০০ কোটি টাকা লোকসান হচ্ছে
সময়মতো বায়াররা ক্রয়কৃত নিটিং পণ্যের মূল্য পরিশোধ না করায় নারায়ণগঞ্জে নিটিং ব্যবসায় মাসে ৮০০ কোটি টাকা লোকসান গুনছেন ব্যবসায়ীরা। এতে এই ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন প্রায় অর্ধশতাধিক ব্যবসায়ী। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে ফতুল্লার বিসিক শিল্পনগরীতে অবস্থিত বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের ভবনে বার্ষিক প্রতিবেদন সভায় ব্যবসায়ীদের বক্তব্যে এ তথ্য উঠে এসেছে। এ সময় বক্তারা বলেন, ব্যবসায়ীদের মধ্যে ঐক্য না থাকায় কোনও কোনও ব্যবসায়ী কম মজুরিতে ওয়ার্ক অর্ডার নিচ্ছেন। যে মজুরিতে তারা অর্ডার নিচ্ছেন ওই মজুরিতে তাদের লাভ তো দূরের কথা প্রায় ৩ থেকে ৪ টাকা লোকসান গুনতে হয়। ফলে গত ছয় মাসে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে প্রায় অর্ধশত নিটিং কারখানা বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে। এ বিষয়ে বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সেলিম সারোয়ার বলেন, নিটিং ব্যবসায়ীদের মধ্যে ঐক্য নেই। ফলে কেউ কেউ গোপনে কম মজুরিতে কাজের অর্ডার নিচ্ছেন। ফলে মাসে প্রায় ৮০০ কোটি টাকা নিটিং ব্যবসায়ীদের লোকসান গুনতে হচ্ছে। তিনি আরও বলেন, নিটিং ব্যবসায়ীদের মন্দা কাটিয়ে উঠতে নিটিং মূল্য নির্ধারণে ৭৮ সদস্য উপকমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার ও রকিবুল হাসান রাকিব, পরিচালক আবু বক্কর সিদ্দিক, নিজাম মুন্সি, নির্মল চন্দ্র রায়সহ আরও অনেকে। এজে
নিটিং ব্যবসায়ীদের প্রতি মাসে ৮০০ কোটি টাকা লোকসান হচ্ছে
কথা বলুন আপনার ওসির সঙ্গে
‘কথা বলুন আপনার ওসির সঙ্গে। আপনার যে কোনও সমস্যা নির্ভয়ে বলুন।’ জনসম্মুখে এমনই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করেছেন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন। সোমবার (৩০ ডিসেম্বর) দত্তপাড়া ইউনিয়নের আজিজিয়া মাদ্রাসার সামনে ও চন্দ্রগঞ্জ বাজারে ‘কথা বলুন আপনার ওসির সাথে’ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বাজারে আগত জনসাধারণের মধ্যে অনেকে সরাসরি ওসির কাছে তাদের সমস্যা তুলে ধরেন। ওসি জসীম উদ্দীন তাদের সমস্যা লিখে নেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, তাদের থানা এলাকায় চুরি, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, যৌন হয়রানি, মাদক এ বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না। এ সময় তিনি পুলিশকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মফিজ উদ্দিন ও চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন। এজে
কথা বলুন আপনার ওসির সঙ্গে
আরও পড়ুন
টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত
ইয়াবা সেবনে তরুণীর মৃত্যুর ঘটনায় প্রেমিক আটক
ভারতে তথ্য পাচারের অভিযোগে পুলিশ সদস্য গ্রেপ্তার
আট লাখ ইয়াবা ও অস্ত্রসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার