
কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা মামলার পলাতক আসামি নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে সদর উপজেলার বড় হাবিবছড়া সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ রুবেল (২২)। তিনি হ্নীলা ইউনিয়নের জাদিমোরা এলাকার মো. ছিদ্দিকের ছেলে। র্যাবের দাবি এ ঘটনায় তাদের দুই সদস্য আহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা, একটি দেশীয় অস্ত্র, তিন রাউন্ড তাজা কার্তুজ ও দুই রাউন্ড খালি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি অভিযানিক দল বড় হাবিবছড়া সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় ইয়াবার চালান আসার খবর পেয়ে অবস্থান নেয়। কিছুক্ষণ পর র্যাবের উপস্থিতি টের পেলে মাদক ব্যবসায়ীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে র্যাবের দুই সদস্য আহত হন। পরে র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। দশ থেকে ১৫ মিনিট গুলি বিনিময়ের পর অস্ত্রধারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তি গেল এক ডিসেম্বর র্যাবের অভিযানে দুই লাখ ইয়াবা ফেলে পালিয়ে যান। এই মামলার অন্যতম পলাতক আসামি ছিলেন তিনি।
র্যাব-১৫ টেকনাফ ক্যাম্প কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব (এক্স-বিএন, পিপিএম) সংবাদের সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে জানান, এই ঘটনায় তদন্ত সাপেক্ষে পৃথক মামলার প্রস্তুতি চলছে।
জেবি




