
যশোর শহরের বেজপাড়া তালতলার মোড় এলাকায় ছুরিকাঘাতে রমজান ওরফে টোকাই রমজান নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে ওই এলাকার প্রবাসী ফিরোজ উদ্দিনের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
স্থানীয়রা জানান, বেজপাড়ার আকবারের মোড় এলাকা থেকে কয়েক যুবক টোকাই রমজানকে ধাওয়া করে নিয়ে আসে। এরপর তাকে প্রবাসী ফিরোজ উদ্দিনের বাড়ির সামনে ছুরিকাঘাত করে চলে যায়। তার চিৎকার শুনে পাশের বাড়ির থেকে লোকজন বেড়িয়ে আসে। পরে থানায় খবর দেওয়া হয়।
টোকাই রমজান শহরের শংকরপুর হারান বস্তিতে বাবা-মায়ের সঙ্গে বাস করতো। টোকাই রমজান ইতোপূর্বে বেজপাড়া, ষষ্ঠিতলা এলাকার কয়েকটি সন্ত্রাসী দলের হয়ে কাজ করতো। এসময় সন্ত্রাসী ইয়াছিন গ্রুপের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়লে সে যশোর ত্যাগ করে। বৃহস্পতিবার সে যশোরে আসলে ইয়াছিন গ্রুপ বিষয়টি জানতে পারে। তারাই পূর্ব শত্রুতার জের ধরে খুন করতে পারে বলে স্থানীয়রা মনে করেন।
---------------------------------------------------------------
আরো পড়ুন: যশোরে শৈত্যপ্রবাহে অচল জনজীবন
---------------------------------------------------------------
যশোরে থাকাকালীন তার মা মানুষের বাড়িতে কাজ করতো আর বাবা রিকশা চালাতো। কিন্তু কেউ তাদের নাম বলতে পারেননি।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মাদ মনিরুজ্জামান জানিয়েছেন, রাতে এক যুবককে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং নিহত যুবকের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। নিহতের বুকে, পেটে ও হাতে ধারালো অস্ত্রের একাধিক চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে কিছু তথ্য পাওয়া গেছে। তা যাচাই চলছে এবং কি কারণে হত্যা হয়েছে তা উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। প্রাথমিক যাচাই শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
জেবি




