
যশোরে বাসের চাপায় পিষ্ট হয়ে ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেনের (৫৫) মৃত্যু হয়েছে। এ সময় তার মেয়ে ফাল্গুনী আক্তার গুরুতর আহত হয়েছেন। নিহত মোয়াজ্জেম হোসেন যশোর সদর উপজেলার বিরামপুরের মোশারফ হোসেনের ছেলে। গতকাল বৃহস্পতিবার রাতে যশোর-ঝিনাইদহ সড়কের সাতমাইল গোহাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, কালীগঞ্জ থেকে মোটরসাইকেলে মেয়েকে নিয়ে যশোরে ফিরছিলেন মোয়াজ্জেম হোসেন। মোটরসাইকেলটি যশোর-ঝিনাইদহ সড়কের সাতমাইলের গোহাটার সামনে আসলে খুলনা থেকে ছেড়ে আসা গড়াই পরিবহনের একটি বাস চাপা দেয়। ঘটনাস্থলে মোয়াজ্জেমের মৃত্যু হয়। মেয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।
জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার কাজল মল্লিক জানান, ফাল্গুনীর অবস্থা আশঙ্কাজনক।
যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটক করা সম্ভব হয়নি।
জেবি




