
রাজশাহীর বাগমারায় পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেপ্তারকৃত আসামিকে ছিনতায়ের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে বাসুপাড়া ইউনিয়নের জ্যোতিনগঞ্জ বাজার এলাকায় ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন বলে বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান।
পুলিশের কাছ থেকে ছিনতাই হওয়া আসামির নাম জাবের আলী (৪৫)। জাবের আলী চলতি বছরের ২৯ নভেম্বর একটি মারপিটের ঘটনার আসামি ছিলেন। ওই ঘটনার পরে থেকে জাবের আলী পলাতক ছিলেন।
মিজানুর রহমান বলেন, জাবের আলীর অবস্থান জানতে পেরে রাত আটটার দিকে তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালায়। পরে বাসুপাড়া ইউনিয়নের জ্যোতিনগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাবেরকে থানায় নেয়ার জন্য বাজার থেকে বের হওয়ার সময় দুর্বৃত্তরা পুলিশের ওপর হামলা চালিয়ে জাবেরকে ছিনিয়ে নেয়। এ সময় দুর্বৃত্তের সঙ্গে ধস্তাধস্তিতে পুলিশের দুই সদস্য আহত হন। বিষয়টি সঙ্গে সঙ্গে তারা বাগমারা থানায় অবহিত করলে পুলিশের অপর একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। জাবেরসহ অন্যান্যদের গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশের দুইটি টিম।
২৯ নভেম্বর উপজেলার বাসুপাড়া ইউনিয়নের বীরকয়া গ্রামের মোবারক হোসেন বাজার করার জন্য বটতলী বাজারে গেলে জাবেরসহ তার বাহিনীর সদস্যরা মোবারক হোসেনকে পিটিয়ে জখম করে। বাজারের লোকজন মোবারক হোসেনকে তাদের হাত থেকে রক্ষা করে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ওই ঘটনায় আহত মোবারক হোসেনের স্ত্রী নাজমা বিবি বাদী হয়ে জাবের আলীসহ ১০ জনকে আসামি করে বাগমারা থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পরে জাবের আলী ক্ষিপ্ত হয়ে এলাকায় বিভিন্ন স্থানে হামলাসহ নানা ধরনের তাণ্ডব চালাতে শুরু করে। পুলিশ জাবেরকে গ্রেপ্তারের জন্য মাঠে নামে। জাবের এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনার পরে প্রায় সময় রাতে হঠাৎ এলাকায় এসে প্রতিপক্ষের ওপর হামলা চালিয়ে আতঙ্কের সৃষ্টি করে। বিষয়টি এলাকার লোকজন পুলিশকে অবহিত করলে জাবেরকে গ্রেপ্তারের জন্য বাগমারা থানার পুলিশ তৎপরতা শুরু করে।
জেবি




