
সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলায় একসঙ্গে তিনটি সন্তান জন্ম দেওয়ায় ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সদানন্দপুর (কড্ডার মোড়) স্কয়ার হাসপাতাল নামে একটি প্রাইভেট ক্লিনিকে ত্রিশ মিনিটের অস্ত্রোপচারের মাধ্যমে তিনটি সন্তান জন্ম দিয়েছেন সেলিনা খাতুন নামের এক প্রসূতি।
শিশুদের মধ্যে দুটি কন্যা সন্তান ও একটি ছেলে সন্তান। সেলিনা খাতুন কামারখন্দ উপজেলার কোনাবাড়ী গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।
সেলিনা খাতুনের স্বামী মো. রফিকুল ইসলাম জানান, টাকার অভাবে আগে থেকে কোনও ধরনের প্রস্তুতি ছিল না। আমার স্ত্রীর হঠাৎ প্রসবব্যাথা উঠলে হাসপাতালে নিয়ে আসি। আমি গরিব মানুষ। ইটভাটায় শ্রমিকের কাজ করে কোনোরকমে সংসার চালাই। আগেও একটি ১২ বছরের ছেলে আছে। তাকে কষ্ট করে মাদরাসায় লেখাপড়া করাচ্ছি। এখন এই শীতের মধ্যে আমার স্ত্রী তিন সন্তানের জন্ম দেওয়াতে খুশি। কিন্তু আমার সন্তানদের সঠিকভাবে চাহিদা পূরণ নিয়ে চিন্তায় আছি।
কর্তব্যরত ডাক্তার কমল কান্তি দাস আরটিভি অনলাইনকে বলেন, প্রসূতি মা ও তিনটি বাচ্চাই সুস্থ আছেন। তবে তিনটি বাচ্চা স্বাভাবিকের চেয়ে একটু ওজন কম রয়েছে।
এদিকে একসঙ্গে তিনটি সন্তান জন্ম দেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উৎসুক মানুষ বাচ্চাগুলোকে একনজর দেখার জন্য ক্লিনিকে ভিড় করছেন।
জেবি




