
ঘন কুয়াশার কারণে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে মঙ্গলবার ভোর পাঁচটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। কুয়াশা কেটে গেলে সকাল ১০টার দিকে এ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় মাঝ নদীতে নোঙর করা থাকে সাতটি ফেরি। ঘাটে পারাপারের অপেক্ষায় আটকে পড়ে ছোট-বড় প্রায় দুই শতাধিক যানবাহন। এতে দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষের দুর্ভোগ দেখা দিয়েছে।
বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক প্রফুল্ল চন্দ্র আরটিভি অনলাইনকে জানান, ঘন কুয়াশার কারণে আজ ভোর পাঁচটা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশা কেটে গেলে সকাল ১০টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক সফিক আহম্মেদ আরটিভি অনলাইনকে জানান, ঘন কুয়াশার কারণে দিক নির্দেশক সিগন্যাল বাতি, মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে আসে। চালকরা নদীর মাঝপথে ফেরি নোঙর করে রাখতে বাধ্য হয়। দুর্ঘটনা এড়াতে ভোর পাঁচটা থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
জেবি/পি




