
লালমনিরহাট সদর উপজেলার বুড়িমারীতে দ্রুতগতির একটি মাহেন্দ্র পরিবহন দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে দুইজন নিহত হন। আহত হন আরও চারজন। তাদের পাটগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়।
রোববার রাত সাড়ে ১০টার দিকে দর্জিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে আয়নাল হক নামের একজনের পরিচয় জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রোববার রাত সাড়ে ১০ টার দিকে বুড়িমারী স্থলবন্দর থেকে যাত্রী নিয়ে মাহেন্দ্রটি পাটগ্রাম বাজারের দিকে আসছিল। পথে মহাসড়কের দর্জিপাড়া এলাকায় দ্রুতগতির মাহেন্দ্রটি দাঁড়িয়ে থাকা পাথরবাহী একটি ট্রাকের পেছনে এসে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। তার নাম জানা যায়নি। আহত পাঁচজনকে পাটগ্রাম হাসপাতালে নেওয়ার পর আয়নাল হক নামের একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত আরটিভি অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জেবি




