
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বসতভিটা নিয়ে সংঘর্ষের জেরে প্রতিপক্ষের হামলায় মহেশ চন্দ্র নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকালে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ অন্তর নামে এক যুবককে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আকরাম আলী বলেন, উপজেলার ভেবরা গ্রামের মহেশ চন্দ্রের সঙ্গে প্রতিবেশী রবি রায়ের বিরোধ চলে আসছিল। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে মহেশ চন্দ্রের সঙ্গে রবি’র বাকবিতণ্ডা হয়।
একপর্যায়ে দু’পক্ষই সংঘর্ষে জড়িয়ে পরে। এতে মহেশ, তার স্ত্রী সুধারানী, রবি ও তার স্ত্রী জনতা আহত হয়। তাদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে মহেশ ও তার স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক হলে দিনাজপুরের মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মহেশ মারা যান।
পরে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে বলে জানায় পুলিশ।
এজে




