
ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে সাড়ে নয় ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে। কুয়াশা কেটে গেলে আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে শিমুলিয়া ঘাট থেকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে ঘন কুয়াশার কারণে গতকাল মঙ্গলবার রাত ১২টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে পড়ে। ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে ছয় শতাধিক যানবাহন।
এদিকে, রাতে কাঁঠালবাড়ী ঘাট থেকে ছেড়ে আসা শিমুলিয়াগামী ‘ফরিদপুর’ ও ‘পরান’ নামের দুটি ফেরি প্রায় ছোট-বড় ২৫টি গাড়ি ও শতাধিক যাত্রী নিয়ে মাঝ পদ্মায় নোঙর করে রাখে। কনকনে শীতে আটকেপড়া যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে।সকাল সাড়ে আটটার দিকে আটকে পড়া ফেরি দুটি শিমুলিয়া ঘাটে এসে পৌঁছে। ফেরি চলাচল বন্ধ থাকায় শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে ছয় শতাধিক যানবাহন।
বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক মো. ফয়সাল বিষয়টি নিশ্চিত করে আরটিভি অনলাইনকে জানান, সাড়ে ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। কুয়াশা কেটে গেলে বুধবার সকাল সাড়ে নয়টার দিকে শিমুলিয়া ঘাট থেকে ফেরি চলাচল শুরু হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে ছয় শতাধিক যানবাহন।
প্রসঙ্গত, ঘন কুয়াশার কারণে কয়েকদিন ধরে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে পড়ছে। ফলে এ রুটে চলাচলের যাত্রীদের দেখা দিয়েছে চরম ভোগান্তি।
জেবি/পি




