
ভোলার মেঘনা নদীপথে পাচারকালে এক ট্রলারবোঝাই প্রায় চার কোটি টাকার ভারতীয় শাড়ি, থ্রিপিচ জব্দ করেছে কোস্টগার্ডের দক্ষিণ জোনের অপারেশন টিম। ওই চালানে ২৬ হাজার পিস দামি শাড়ি রয়েছে। এই সব মালামাল চোরাকারবারিরা ভারত থেকে নিয়ে আসে।
ধারণা করা হচ্ছে এসব শাড়ি ও মালামাল সুন্দরবন হয়ে ভোলার সীমানা দিয়ে ঢাকা অথবা নারায়ণগঞ্জে নেওয়া হচ্ছিল। কোস্টগার্ডের অপারেশন অফিসার লে. ওয়াসিম আকিল জাকি আরটিভি অনলাইনকে জানান, বুধবার বিকেলে মেঘনা নদীর মাঝের চর এলাকার কাছ দিয়ে একটি ট্রলার অতিক্রম করার সময় তাদের সন্দেহ হয়।
ওই সময় বোটটি থামতে নির্দেশ দিলে পাচারকারীরা চরের কাছে বোটটি ঠেকিয়ে পালিয়ে যায়। কোস্টগার্ড সদস্যরা ওই ট্রলারসহ মালামাল তাদের দক্ষিণ জোন প্রধান কার্যালয়সংলগ্ন খালে টেনে আনে। পরে ওই ট্রলার থেকে শাড়ি, থ্রিপিস, দামি কাপড়ের গাইড উদ্ধার করা হয়। রাতভর ওইসব মালামাল গণনা করার পর বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলন করে এসব মালামাল উদ্ধারের বর্ণনা দেন অপারেশন অফিসার।এসব মালামাল আজ বৃহস্পতিবার দুপুরে ভোলা থানায় সোপর্দ করা হয়।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন আরটিভি অনলাইনকে জানান, বিপুল পরিমাণ এসব মালামাল থানায় রাখার জায়গা সংকুলান হচ্ছে না। তিন ট্রাকের অধিক মালামাল পুলিশ লাইন এলাকায় রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
জেবি




