
নির্ধারিত সময়ের প্রায় আড়াই মাস পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টায় ‘খ’ ইউনিটের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা শুরু হয়ে সকাল ১১টায় শেষ হয়। ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৫৬০টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১০ হাজার ১০৬ জন ভর্তি পরীক্ষার্থী।
পরীক্ষা শুরুর পরপরই সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন মাতিন।
বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘গ’ ইউনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ ২টি কেন্দ্রে ৩০০ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার্থী ৬ হাজার ১২ জন।
এদিকে আগামীকাল শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ ১২টি কেন্দ্রে ‘ক’ ইউনিটে ৫৮০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার্থী ২০ হাজার ৫ শ’ ৬৭ জন।
এবার বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের ২৪টি বিভাগে ১ হাজার ৪ শ’ ৪০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার্থীর সংখ্যা ৪৯ হাজার ৯ শ’ ৫৬ জন।
এর আগে ১৮ অক্টোবর বরিশাল বিশ্ববিদ্যালয়ের খ ও গ ইউনিটে এবং ১৯ অক্টোবর ক ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বিশ্ববিদ্যালয়ের আর্থিক প্রশাসনিক বিষয় যারা নিয়ন্ত্রণ করেন, সেই পদগুলো শূন্য থাকায় ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছিল।
এজে




