
গুলি, কেন্দ্র দখল, ককটেল বিস্ফোরণ ও ভাংচুরের মধ্য দিয়ে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের ভোটগ্রহণ চলছে।
এর আগে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ মোট সাতজন আহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে আটটায় ভোট শুরুর আগে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার শুভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে দুপক্ষের গোলাগুলিতে পাঁচজন আহত হয়েছেন। তারা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, উপজেলার যশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রের চার নম্বর বুথের সব ভোটারদের সকাল নয়টার আগে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
আহত আবুল বাশারের বাবা আবদুল আজিজ অভিযোগ করেন, ভোট শুরুর আগে তার ছেলে ভোটকেন্দ্রে যাওয়ার পথে মেম্বার প্রার্থী জিয়া উদ্দিনের (ফুটবল মার্কা) সমর্থকরা অপর মেম্বার প্রার্থী (মোরগ) মামুনুর রশিদের সমর্থকদের ওপর গুলি ছোড়ে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ মোট সাতজন আহত হয়েছেন।
যশপুর কেন্দ্রের প্রিজাইজিং অফিসার বিজয় কুমার দাস আরটিভি অনলাইনকে জানান, ভোটকেন্দ্রের মধ্যে কোনও সমস্যা হয়নি। বাইরে হলে হতে পারে। কেন্দ্রের ভেতরে খুব সুন্দরভাবে ভোট হচ্ছে।
শুভপুর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানান, নিরপেক্ষভাবে ভোটগ্রহণ হচ্ছে। আমরা যথাযথভাবে দায়িত্ব পালনের চেষ্টা করছি।
জেবি




