
জুন মাসের প্রথম দিনেই রাঙামাটির কাপ্তাই উপজেলায় আরও সাতজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
গতকাল সোমবার রাতে চট্টগ্রামের দুই করোনা পরীক্ষাকেন্দ্র থেকে আসা রিপোর্টে এই সাতজনের পজিটিভ পাওয়ার তথ্য জানা গেছে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা হলো ৬৮ জন।
রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পারসন ডা. মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে এই সাতজনের বিস্তারিত তথ্য জানাতে পারেননি তিনি।
তিনি জানিয়েছেন, সোমবার রাতে বিআইডিআইটি থেকে মোট ৪৫ জনের রিপোর্ট এসেছে, এর মধ্যে সাতজনের পজিটিভ পাওয়া গেছে। একই সময় সিভাসু থেকে আসা ১৪ জনের রিপোর্টে সবগুলোই নেগেটিভ এসেছে।
জানা গেছে, আক্রান্ত সাতজনের মধ্যে তিনজন পুরুষ এবং ৪ জন নারী । সবার বয়সই ৪০ এর নিচে।
গেল ৬ মে রাঙামাটিতে প্রথম চারজনের করোনা শনাক্ত হওয়ার পর পুরো মে মাসে ৬১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এদের মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১০ জন। আজ জুন মাসের প্রথম দিনেই আসা রিপোর্টে আক্রান্ত হওয়ার তথ্য মিলেছে আরও সাতজনের।
জেবি




