
গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি রিসোর্টে বিষাক্ত ও ভেজাল মদপানে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যুর ঘটনায় মো. জাহিদ মৃধা (৪২) নামে এক জনকে গ্রেপ্তার করেছে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মদ সরবরাহের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। আজ শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম।
তিনি জানান, গতকাল বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর নিকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে জাহিদ মৃধাকে গ্রেপ্তার করা হয়। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার আমবৌলা এলাকায়।
পুলিশ জানায়, গত ২৮ জানুয়ারি একটি বেসরকারি প্রতিষ্ঠানের ৪৩ জন কর্মী বেড়াতে যান গাজীপুরের ওই রিসোর্টে। ৩০ জানুয়ারি দুপুরে ঢাকায় ফেরার পথে তাদের মধ্যে অন্তত ১৬ জন অসুস্থ হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। অসুস্থদের মধ্যে একজন ওই রাতেই, পরদিন (৩১ জানুয়ারি) সকালে একজন এবং ১ ফেব্রুয়ারি আরো একজনসহ মোট ৩ জন মারা যান।
এ বিষয়ে রিসোর্ট এবং মৃতদের কর্মস্থল কর্তৃপক্ষের নীরব মনোভাবের কারণে তদন্তে নামতে পুলিশের দেরি হয় বলে জানান ভারপ্রাপ্ত পুলিশ সুপার।
প্রেস ব্রিফিংয়ে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. আমিনুল ইসলাম ও ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত পুলিশ সুপার আরও জানান, চাঞ্চল্যকর এ ঘটনায় পুলিশের তৎপরতায় মৃতদেহের সুরতহাল ও ময়নাতদন্তের মাধ্যমে রিসোর্টে অবস্থানকালে বিষাক্ত মদপানের বিষয়টি প্রাথমিকভাবে স্পষ্ট হয়। ওই ঘটনায় অসুস্থ হওয়া ব্যক্তিরা মদপানের বিষয়টি পুলিশকে জানিয়েছেন।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে শ্রীপুর থানায় একটি মামলা করে। পরে মামলাটি গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর হলে তদন্তে তৎপরতা বাড়ে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলা পুলিশের ডিবির ওসি নিতাই চন্দ্র সরকারের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে নিকুঞ্জ থেকে জাহিদ মৃধাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি মদ সরবরাহের কথা পুলিশের কাছে স্বীকার করেছে বলে জানা গেছে।
কেএফ




