
রাজধানীর বাড্ডায় এক যুবককে গুলি করে পালানোর সময় নুরুল ইসলাম নামে এক সন্ত্রাসীকে ধরে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে একটি রিভালবারসহ তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।
শনিবার দুপুর সোয়া একটার দিকে হাতিরঝিল এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে দুপুর একটার দিকে বাড্ডা মাছ বাজার এলাকায় বাদশাকে গুলি করে নুরুলসহ কয়েকজন সন্ত্রাসী। পরে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বাদশার মৃত্যু হয়।
এ বিষয়ে বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, দুপুরে কয়েকজন সন্ত্রাসী বাদশাকে খুব কাছ থেকে গুলি করে। তারপর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণ ধাওয়া করে। পরে হাতিরঝিলে নুরুল ইসলামকে রিভলবারসহ ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে নুরুলকে (৩৮) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত নুরুল ইসলামের বিরুদ্ধে পুলিশের গোয়েন্দা শাখায় একাধিক মামলা রয়েছে জানিয়ে ওসি আরও বলেন, ঘটনায় আহত নুরুল ও নিহত বাদশা একই গ্রুপের সদস্য। তবে বাদশাকে হত্যার ঘটনায় শনিবার রাত ৯টা পর্যন্ত কোনো মামলা হয়নি।
আরও পড়ুন:
এসএইচ/এসএস




