
রাজধানীর বাড্ডায় সাতারকুল এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুরুল ইসলাম ওরফে নুরী (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, শনিবার দুপুরে মেরুল বাড্ডার এক ব্যবসায়ীকে গুলি করে পালানোর সময় জনতা অস্ত্রসহ নুরুলকে ধরে পুলিশে দেয়।
রোববার ভোরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সকাল ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, নুরুল ইসলাম ওরফে নুরী বনানীর এমএস মুন্সি ওভারসিজ (জনশক্তি রফতানি) প্রতিষ্ঠানের মালিক সিদ্দিক হোসেন মুন্সী (৫০) হত্যা মামলার আসামি।
--------------------------------------------------------
আরও পড়ুন: বাড্ডায় যুবককে গুলি করে পালানোর সময় সন্ত্রাসীকে গণপিটুনি
--------------------------------------------------------
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) আশুরাফুল ইসলাম আরটিভি অনলাইনকে বলেন, গতকাল শনিবার দুপুরে মেরুল বাড্ডার মাছ বাজার এলাকায় আবুল বাসার বাদশা (৩০) নামে এক ব্যক্তিকে গুলি করে পালিয়ে যাওয়ার সময় জনতার সহায়তায় হাতিরঝিল থেকে নুরুল ইসলামকে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ। ওই দিন (শনিবার) রাতে তাকে সঙ্গে নিয়ে অন্য সন্ত্রাসীদের ধরতে অভিযানে যায় পুলিশ। পরে সেখানে ওঁত পেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি করলে নুরুল ইসলাম গুলিবিদ্ধ হন।
তিনি আরও জানান, গুলিবিদ্ধ নুরুল ইসলামকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
এসএস




