
ভারতে পাচারের সময় বেনাপোল পোর্ট থানার পুটখালী ট্যাংকির মোড় থেকে ৫০ লাখ টাকার ১০টি (১ কেজি ১৭০ গ্রাম) স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার দুপুর ১টার দিকে স্বর্ণের বারসহ মনিরুল নামের ওই পাচারকারীকে আটক করা হয়। তিনি বেনাপোল পোর্ট থানার পুটখালী উত্তরপাড়ার সাবের আলীর ছেলে। তার বয়স ২৫ বছর।
এদিন কোমরে গামছা বেঁধে ও গেঞ্জি পরা মনিরুল হাতে কাস্তে নিয়ে মাঠে যাওয়ার ছদ্মবেশে বাইসাইকেল চালিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ট্যাংকির মোড়ে অভিযান বাইসাইকেল আরোহী মনিরুলের গতিরোধ করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার বাজার মূল্য আনুমানিক ৫০ লাখ টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ২১ বিজিবি পুটখালী ক্যাম্পের নায়েক সুবেদার ওমর ফারুক বলেন, মনিরুলের বিরুদ্ধে স্বর্ণ পাচারের অভিযোগে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার এসআই সুজিত জানান, শনিবার সকালে যশোর আদালতে মনিরুলকে হাজির করা হবে।
কে/পি




