
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক পিয়নকে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রোববার সকাল ৭টার দিকে হাসপাতালের বহির্বিভাগের ফটকে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে এ হত্যাকাণ্ড ঘটেছে।
নিহত আমির হোসেন (৫০) ঢাকা মেডিকেলের ক্যানসার বিভাগের পিয়ন।। তার বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার পাচুকাকান্দি গ্রামে। রাজধানীর খিলক্ষেত সিকদারবাড়ি এলাকায় ভাড়া বাসায় তিনি থাকতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান আরটিভি অনলাইনকে বলেন, এ ঘটনায় ইব্রাহীম নামে একজনকে আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
আনসার সদস্যরা ইব্রাহীমকে আটক করলে শাহবাগ থানা পুলিশ এসে ইব্রাহীমকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
জানা গেছে, ইব্রাহীমের বাবা ঢাকা মেডিকেলের পাম্প অপারেটর। ধূমপান করা নিয়ে ইব্রাহীম ও আমির হোসেনের মধ্যে দ্বন্দ্ব চলছিল। ইব্রাহীমের ধূমপান করার তথ্য তার বাবাকে আমির হোসেন দিয়েছেন বলে দোষারোপ করতেন ইব্রাহীম। এ নিয়ে সকালে শহীদ মিনারের পাশে ইব্রাহীম ও আমির হোসেনের মধ্যে বাদানুবাদ হচ্ছিল। একপর্যায়ে ইব্রাহীম সঙ্গে থাকা ক্রিকেট ব্যাট দিয়ে আমির হোসেনের মাথায় আঘাত করেন। সঙ্গে সঙ্গে আমির হোসেন মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
পি




