
আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য আমদানিতে সর্বোচ্চ সহায়তা করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার।
রোববার (৪ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও নবনিযুক্ত মুখপাত্র মো. মেজবাউল হক।
তিনি বলেন, বৈঠকে আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের সরবরাহ নিশ্চিত করার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। নিত্যপণ্য আমদানিতে ঋণপত্র (এলসি) সহজীকরণের জন্য বাণিজ্যিক ব্যাংকসমূহের এমডিদের নির্দেশনা দেওয়া হয়েছে। এ জন্য সব ধরনের নীতি সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক।
পবিত্র রমজানে ভোজ্যতেল, ছোলা, ডাল, পেঁয়াজ, খেজুর, ফলমূল ও চিনিসহ নিত্যপণ্য আমদানিতে অর্থায়নের ক্ষেত্রে মার্জিনের হার ন্যূনতম পর্যায়ে রাখার পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান মুখপাত্র।




