
রাজধানীর কাঁচাবাজার শীতের সবজিতে ভরে গেছে। কমেছে দামও। তবে আটা, চাল, তেল, চিনি ও ডাল আগের চড়া দামেই বিক্রি হচ্ছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
সবজির দাম কেজিপ্রতি ২০ টাকা পর্যন্ত কমেছে। এতে ক্রেতাদের মনে স্বস্তি মিলেছে। তবে অনেক নিত্যপণ্যের দাম এখনও নাগালের বাইরে।
ক্রেতারা বলছেন, খুচরা বাজারে সবজির দাম কিছুটা কম। আমনের নতুন ধান বাজারে এসেছে। তবে দাম কমছে না।
রাজধানীর খিলগাঁও কাঁচাবাজারে এসেছেন চাকরিজীবী আমিনা খাতুন। তিনি বলেন, ভালো লাগছে এটা দেখে যে, বাজারে সবজির দাম কমেছে। কিন্তু মোটা চালের দাম এখনও আকাশছোঁয়া। আমাদের মতো ছোট চাকরি করা মানুষদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।
আরেক ক্রেতা আক্তার হোসেন বলেন, শীতকালই শাক-সবজির জন্য উপযুক্ত সময়। সব ধরনের সবজি বাজারে এসেছে। ফলে দামও কমেছে। কিন্তু চালের দাম নিয়েই আতঙ্ক। মোটা চালের দামও নাগালের বাইরে। মানুষ কী খেয়ে বাঁচবে। আমনের ভরা মৌসুমেও চালের বাজারে আগুন।
কারওয়ান বাজারে শিম ও নতুন আলু বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৪০ থেকে ৫০ টাকায়। কয়েক সপ্তাহ আগে যা ছিল ৬০ থেকে ৮০ টাকা। কাঁচা টমেটো বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা। এক সপ্তাহ আগেও দাম ছিল ৬০ টাকার ওপরে। এ ছাড়া শীতকালীন শালগম বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি। গত সপ্তাহে এ সবজির দাম ৫৫ থেকে ৬০ টাকা ছিল। বাঁধাকপি ও ফুলকপির দামও কমেছে।
বিক্রেতা আরাফাত মিয়া বলেন, বাজারে এখন প্রচুর শীতের সবজি রয়েছে। সব ধরনের সবজির সরবরাহ ভালো। সবজির দাম এখন কমতির দিকে। সরবরাহ বাড়লে সবজির দাম আরও কমবে।
চিনির বাজারে অস্থিরতা এখনও কাটেনি। প্যাকেটজাত চিনি পাওয়া যাচ্ছে না বেশির ভাগ দোকানে। কিছু দোকানে খোলা চিনি পাওয়া গেলেও বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা কেজি। সয়াবিন তেল ১৯০ টাকা লিটার আর মসুর ডাল মানভেদে ১২০ থেকে ১৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
গত দুই সপ্তাহে চালের দাম কেজিপ্রতি ২ থেকে ৫ টাকা পর্যন্ত বেড়েছে। আটার দামও বৃদ্ধি। খোলা আটার কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা। প্যাকেটজাত আটার কেজি ৭০ থেকে ৭৫ টাকা।
স্বস্তি ফিরেছে ডিমের দামে। প্রতি ডজন ডিম ১১০ থেকে ১২০ টাকায় পাওয়া যাচ্ছে। যা কয়েক সপ্তাহ আগেও ছিল ১৫০ টাকা।
কিছুটা কমেছে ব্রয়লার ও সোনালি মুরগির দাম। ১৪০ থেকে ১৫০ টাকা দরে প্রতিকেজি ব্রয়লার বিক্রি হচ্ছে। সোনালি মুরগির কেজি ২৪০ থেকে ২৫০ টাকা। অপরিবর্তিত আছে গরুর মাংসের দর। বাজারভেদে ৭০০ থেকে ৭৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে গরুর মাংস। সপ্তাহের ব্যবধানে সব ধরনের মাছের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে।




