
রপ্তানি বাণিজ্যে অনন্য অবদান রাখায় ২০২০-২১ অর্থবছরে প্রিমিটেক গ্রুপের দুটি অঙ্গপ্রতিষ্ঠান জাতীয় রপ্তানি ট্রফি পেয়েছে। এরমধ্যে সি ক্যাটাগরিতে স্বর্ণপদক পেয়েছে পদ্মা স্পিনিং কম্পোজিট লিমিটেড এবং ব্রোঞ্জ পদক পেয়েছে স্টার প্যাকেজিং অ্যান্ড অ্যাক্সেসরিজ লিমিটেড।
বুধবার (৮ নভেম্বর) বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির হাত থেকে ট্রফি গ্রহণ করেন প্রিমিটেক গ্রুপের চেয়ারম্যান মো. ওমর ফারুক এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম এ কাইয়ুম। এ নিয়ে পাঁচবার জাতীয় রপ্তানি ট্রফি পেল প্রিমিটেক গ্রুপ।
প্রিমিটেক গ্রুপের চেয়ারম্যান মো. ওমর ফারুক বলেন, দেশের বাজারের চাহিদা পূরণের পাশাপাশি রপ্তারি বাজার সম্প্রসারণে প্রিমিটেক গ্রুপ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এ গ্রুপের পদ্মা স্পিনিং অ্যান্ড কম্পোজিট সবসময় ভোক্তাদের সুস্বাস্থ্য নিশ্চিতে এবং চাহিদানুযায়ী পণ্য তৈরি করে থাকে।
প্রিমিটেক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ কাইয়ুম বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে স্বতন্ত্রতার কোনো বিকল্প নেই। পদ্মা স্পিনিং অ্যান্ড কম্পোজিট শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানি করে। প্রতিষ্ঠানটি ফিশিং, এগ্রিকালচার নেট, ফিস প্রসেসিং, মসকিউটো, ফুড প্রসেসিং, গার্ডেন ও বিল্ডিং কনস্ট্রাকশন সেফটি নেট এবং হ্যাঙ্গার তৈরি করে। অন্যদিকে, স্টার প্যাকেজিং অ্যান্ড অ্যাক্সেসরিজ লিমিটেড একটি স্বনামধন্য বাংলাদেশী কোম্পানি, যা গার্মেন্টস অ্যাক্সেসরিজ তৈরিতে বিশেষজ্ঞ।
উল্লেখ্য, ২০২০-২১ অর্থবছরে মোট ৭৩টি প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি ট্রফি দিয়েছে সরকার। পুরস্কারপ্রাপ্ত ৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে ২৮টি স্বর্ণ, ২৫টি রৌপ্য এবং ১৯টি ব্রোঞ্জ ট্রফি পেয়েছে।




