
ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল (পিআইটিসি) পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্ব পেয়েছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান মেডলগ।
সোমবার (১৭ নভেম্বর) এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে ২২ বছর মেয়াদি একটি কনসেশন চুক্তি স্বাক্ষর করেছে সুইস প্রতিষ্ঠানটি।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পক্ষে চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান এবং মেডলগ বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক এ টি এম আনিসুল মিল্লাত চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) এম সাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানে নৌপরিবহন উপদেষ্টা বলেন, বন্দর ব্যবস্থাপনার ইতিহাসে আজ একটি স্মরণীয় দিন। এই চুক্তি বাংলাদেশের লজিস্টিক ও বাণিজ্য অবকাঠামো উন্নয়নে এক নতুন অধ্যায়ের সূচনা করছে। এর মূল সুফলভোগী হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। আজকের এই বিনিয়োগ আমাদের স্বপ্নবান তরুণ প্রজন্মের জন্য। বাংলাদেশের লজিস্টিক খাতের ভবিষ্যৎ বদলে দেবে এই চুক্তি।
তিনি আরও বলেন, মেডলগের বিশ্বব্যাপী দক্ষতা কাজে লাগিয়ে এবং আমাদের কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আমরা টেকসই প্রবৃদ্ধি অর্জন করতে পারব এবং অভ্যন্তরীণ লজিস্টিকের ক্ষেত্রে বাংলাদেশকে এ অঞ্চলের শীর্ষস্থানে নিয়ে যেতে পারব।
চুক্তি অনুযায়ী, মেডলগ তার স্থানীয় প্রতিষ্ঠান মেডলগ বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের মাধ্যমে পানগাঁও টার্মিনালের কার্যক্রম, সরবরাহ ও অটোমেশন তত্ত্বাবধান করবে। প্রতিষ্ঠানটি টার্মিনালের বার্ষিক হ্যান্ডলিং ক্ষমতা ১ লাখ ৬০ হাজার টিইইউ-তে (টোয়েন্টি-ফুট ইকুইভ্যালেন্ট ইউনিট) উন্নীত করবে। মাল্টিমোডাল সংযোগ জোরদার করার লক্ষ্যে পানগাঁওকে অন্যান্য নৌ ও সমুদ্রবন্দরের সঙ্গে সংযুক্ত করতে অভ্যন্তরীণ বার্জ ভাড়া করবে মেডলগ।
এদিকে দেশীয় বন্দরের পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়া এবং বিশেষ করে চুক্তি স্বাক্ষরের দিনটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণার দিনে এই চুক্তি স্বাক্ষরকে সরকারের একটি কৌশল হিসেবে দেখছেন সমালোচকরা।
আরটিভি/এসএইচএম




