বাংলাদেশ ব্যাংকের সার্ভার বিকল হয়ে পড়ায় ইন্টারনেট ব্যাংকিং, কার্ড লেনদেন ও আন্তঃব্যাংক পেমেন্ট কার্যক্রমে ব্যাপক ভোগান্তি দেখা দিয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল ৪টার পর থেকে সার্ভার অচল হয়ে পড়ে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুৎ বিভ্রাট ও ভোল্টেজ ওঠানামার কারণে বাংলাদেশ ব্যাংকের সার্ভার হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। এর ফলে চেক ক্লিয়ারিং, স্থানীয় ও আন্তর্জাতিক পেমেন্ট এবং আন্তঃব্যাংক সব ধরনের লেনদেন সাময়িকভাবে বন্ধ রয়েছে।
তিনি বলেন, বিকেল চারটা থেকে সমস্যা শুরু হয়েছে। আমাদের আইটি টিম কাজ করছে। ঠিক কখন পুরো সিস্টেম সচল হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে আশা করছি দ্রুতই সমাধান হবে।
এরই মধ্যে দেশের বিভিন্ন ব্যাংক গ্রাহকদের নোটিশ দিয়ে জানিয়েছে যে, বাংলাদেশ ব্যাংকের ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ এর প্রযুক্তিগত সমস্যার কারণে লেনদেন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ব্যাংকগুলো গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং দ্রুত সেবা স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে।
আরটিভি/এসকে




