
দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বাড়ানো হয়েছে ৪ হাজার ১৯৯ টাকা। ফলে এখন প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা, যা দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ মূল্য।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে এই নতুন দাম কার্যকর হবে।
সোমবার (১২ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বাজুস। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ২১ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৮৯ হাজার ৮৯০ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৫৬ হাজার ৮৮১ টাকা।
এর আগে, চলতি বছরের ১০ জানুয়ারি সর্বশেষ সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয় ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা, যা ১১ জানুয়ারি থেকে কার্যকর ছিল।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ও স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ার প্রভাবেই দেশের বাজারে সোনার দাম নতুন রেকর্ড গড়েছে।
আরটিভি/এসকে




