২ লাখ ৭০ হাজার মেট্রিক টন গম আমদানি করবে সরকার 

আরটিভি নিউজ  

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ০৬:৩১ এএম


২ লাখ ৭০ হাজার মেট্রিক টন গম আমদানি করবে সরকার 
প্রতীকী ছবি

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে ২ লাখ ৭০ হাজার মেট্রিক টন গম আমদানিসহ সাতটি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (১ জুলাই) ঢাকার মন্ত্রিপরিষদ বিভাগে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ২০২৬ সালের সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৯তম সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সভায় খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উত্থাপিত বিভিন্ন ক্রয় প্রস্তাব বিবেচনা করা হয়।

অনুমোদিত প্রস্তাবগুলোর মধ্যে খাদ্য মন্ত্রণালয়ের গম আমদানি সংক্রান্ত দুটি প্রস্তাব রয়েছে।

আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরের প্যাকেজ-৩-এর আওতায় ৫০ হাজার (৫ শতাংশ কম/বেশি) মেট্রিক টন গম ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

এই গম সিঙ্গাপুর ভিত্তিক এম/এস অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড সরবরাহ করবে। প্রতি মেট্রিক টনের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৯৭ দশমিক ৯২ মার্কিন ডলার। এ ক্রয়ে সরকারের মোট ব্যয় হবে প্রায় ১৮২ কোটি ৮৪ লাখ টাকা।

এছাড়া পৃথক এক সিদ্ধান্তে সরকার-টু-সরকার (জি-টু-জি) চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানির প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

এ ক্ষেত্রে প্রতি মেট্রিক টনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২২ মার্কিন ডলার। এ আমদানিতে সরকারের মোট ব্যয় হবে আনুমানিক ৮৬৯ কোটি ৫৬ লাখ টাকা। সুত্র: বাসস।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission