ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার সহায়তার আশ্বাস এডিবির

বাসস

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০৬:৪২ পিএম
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর ভাইস প্রেসিডেন্ট ইয়িংমিং ইয়াং-ছবি: সংগৃহীত

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি এবং উচ্চ-মধ্যম আয়ের দেশে উন্নীত করার লক্ষ্য বাস্তবায়নে পাশে থাকার আশ্বাস দিয়েছে।

সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট ইয়িংমিং ইয়াং বলেছেন, উৎপাদনশীল, বিনিয়োগনির্ভর ও সহনশীল অর্থনীতি গড়ে তুলতে এডিবি বাংলাদেশের সঙ্গে কাজ করে যাবে, যাতে দেশের সব অঞ্চলে মানুষের জন্য নতুন সুযোগ সৃষ্টি হয় এবং সবার জীবনমানের উন্নতি ঘটে।

গণমাধ্যমে দেওয়া একান্ত এক সাক্ষাৎকারে দক্ষিণ, মধ্য ও পশ্চিম এশিয়াবিষয়ক এডিবির ভাইস প্রেসিডেন্ট ইয়িংমিং ইয়াং বলেন, বাংলাদেশের উচ্চ-মধ্যম আয়ের দেশ এবং ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার আকাঙ্ক্ষা বাস্তবায়নে সহায়তা করাই এডিবির লক্ষ্য।

গত ৯ থেকে ১৩ আগস্ট বাংলাদেশ সফর করেন ইয়িংমিং ইয়াং। এ সময় তিনি এডিবির পরবর্তী কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজি (সিপিএস), গুরুত্বপূর্ণ সংস্কার ও বিনিয়োগ অগ্রাধিকারের বিষয়ে নীতিগত আলোচনা এবং সমন্বিত প্রবৃদ্ধি নেটওয়ার্ক উন্নয়ন (আইজিএনডি) উদ্যোগ বাস্তবায়ন নিয়ে সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

ইয়াং বলেন, শক্তিশালী প্রবাসী আয়, সেবাখাতের ধারাবাহিক কার্যক্রম এবং গতিশীল বেসরকারি খাতের কারণে বাংলাদেশ উল্লেখযোগ্য স্থিতিস্থাপকতা বা সহনশীলতা প্রদর্শন করেছে। এখন এই সক্ষমতাকে আরও গভীর অর্থনৈতিক রূপান্তরে কাজে লাগানোর সুযোগ তৈরি হয়েছে।

তার মতে, সামষ্টিক অর্থনীতির পরিস্থিতি স্থিতিশীল হওয়া, মূল্যস্ফীতি কমে আসা এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়ার ফলে আগামী দিনগুলোতে প্রবৃদ্ধি ধীরে ধীরে বাড়বে। এডিবির পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৩ দশমিক ৭ শতাংশ এবং ২০২৭ অর্থবছরে ৪ দশমিক ৫ শতাংশ হতে পারে।

তবে এই গতি ধরে রাখতে কাঠামোগত সংস্কারের ধারাবাহিকতা বজায় রাখা জরুরি বলে মনে করেন ইয়িংমিং ইয়াং। তিনি বলেন, কর প্রশাসন শক্তিশালী করা, ব্যাংক খাতের সুশাসন উন্নত করা, খেলাপি ঋণ মোকাবিলা, আর্থিক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং বাজারভিত্তিক বিনিময় হার ব্যবস্থার দিকে অগ্রসর হওয়ার মতো সাম্প্রতিক উদ্যোগগুলো ইতিবাচক।

এডিবির এই কর্মকর্তা বলেন, বিনিয়োগ পরিবেশের উন্নয়ন, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী জ্বালানির সম্প্রসারণ, সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনা শক্তিশালী করা, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, দক্ষ জনশক্তি গড়ে তোলা, নারী ও তরুণদের জন্য আরও বেশি সুযোগ সৃষ্টি এবং দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়ানোর মাধ্যমে বাংলাদেশ আরও শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির পথ তৈরি করতে পারে।

তিনি বলেন, এই পুরো প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে রয়েছে বেসরকারি খাতের উন্নয়ন এবং বাজারকে বিনিয়োগবান্ধব করে তোলা। এতে বেসরকারি মূলধন উৎপাদনশীল খাতে প্রবাহিত হবে, কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত হবে।

বাংলাদেশের মানুষের জন্য এর অর্থ হবে আরও ভালো কর্মসংস্থান, প্রতিযোগিতামূলক শিল্পপ্রতিষ্ঠান, উন্নত সেবা এবং প্রচলিত প্রবৃদ্ধিকেন্দ্রের বাইরে নতুন সুযোগ সৃষ্টি। উৎপাদনশীলতা বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ এবং দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নের জন্য এসব সংস্কার গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের জন্য নতুন কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজি সম্পর্কে জানতে চাইলে ইয়িংমিং ইয়াং বলেন, বাংলাদেশের আকাঙ্ক্ষা ও উন্নয়নের লক্ষ্য অনুযায়ী এডিবির অংশীদারিত্বও সময়ের সঙ্গে পরিবর্তিত হয়েছে।

আরও পড়ুন

তিনি বলেন, নতুন কৌশল প্রণয়নের ক্ষেত্রে এডিবির লক্ষ্য হলো বাংলাদেশকে আরও বহুমুখী, প্রতিযোগিতামূলক, অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল অর্থনীতির দিকে এগিয়ে নিতে সহায়তা করা। বেসরকারি খাতের নেতৃত্বে অর্থনৈতিক বহুমুখীকরণ এবং বিভিন্ন ধরনের ধাক্কা মোকাবিলার সক্ষমতা বৃদ্ধিকে এ ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তার ভাষায়, ভবিষ্যতের অংশীদারিত্ব বাংলাদেশের অর্থনীতিকে শুধু সহনশীলতা থেকে প্রকৃত রূপান্তরের দিকে এগিয়ে নিতে সহায়তা করবে।

ইয়িংমিং ইয়াং বলেন, আইজিএনডি উদ্যোগের মাধ্যমে পরিবহন ও পণ্য সরবরাহ ব্যয় কমানো, বড় শহরের বাইরে অর্থনৈতিক সুযোগ বাড়ানো এবং ব্যবসা ও শ্রমবাজারকে বৃহত্তর বাজারের সঙ্গে যুক্ত করার সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে আরও প্রতিযোগিতামূলক, বহুমুখী ও সহনশীল অর্থনীতি গড়ে তোলা সম্ভব হবে, যা উচ্চমানের প্রবৃদ্ধি ও কর্মসংস্থান ধরে রাখতে সহায়তা করবে। একই সঙ্গে প্রবৃদ্ধির সুফল দেশের বিভিন্ন অঞ্চল ও জনগোষ্ঠীর মধ্যে আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দেওয়াও সম্ভব হবে।

আঞ্চলিক সহযোগিতার বিষয়ে তিনি বলেন, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহৎ ও দ্রুত বর্ধনশীল বাজারের মধ্যবর্তী অবস্থানে থাকায় বাংলাদেশ বিশেষ কৌশলগত সুবিধা ভোগ করছে।

গত মে মাসে বাংলাদেশ সফরের সময় এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্দা বাংলাদেশকে পরিবহন, সরবরাহব্যবস্থা, জ্বালানি ও ডিজিটাল সংযোগের আঞ্চলিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠার বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করেছিলেন।

ইয়িংমিং ইয়াং বলেন, কৌশলগত অবস্থানকে কাজে লাগিয়ে বাংলাদেশ বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ আকর্ষণ, আঞ্চলিক মূল্যশৃঙ্খলে যুক্ত হওয়া এবং প্রতিবেশী অঞ্চলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার সুযোগ পাবে। এটিও বাংলাদেশের অর্থনীতিকে সহনশীলতা থেকে রূপান্তরের পথে নিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ উপাদান।

তবে এই সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে শুধু অবকাঠামো উন্নয়নই যথেষ্ট নয় বলে মন্তব্য করেন তিনি। তার মতে, সড়ক, রেলপথ, সমুদ্রবন্দর, সীমান্ত অবকাঠামো এবং জ্বালানি সংযোগ তখনই পূর্ণ সুফল দেবে, যখন সেগুলোর সঙ্গে দক্ষ শুল্কব্যবস্থা, সমন্বিত মানদণ্ড, পূর্বানুমানযোগ্য নিয়ন্ত্রক কাঠামো এবং নির্বিঘ্ন সরবরাহব্যবস্থা যুক্ত হবে। তার ভাষায়, ভৌত অবকাঠামো এবং নীতিগত সমন্বয়কে একসঙ্গেই এগিয়ে নিতে হবে।

তিনি বলেন, আঞ্চলিক জ্বালানি সহযোগিতা জ্বালানি নিরাপত্তা জোরদার করবে এবং পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে।

সম্প্রতি চালু হওয়া এডিবির ২০ বিলিয়ন ডলারের এশিয়া-প্যাসিফিক ডিজিটাল হাইওয়ে উদ্যোগের কথাও উল্লেখ করেন ইয়িংমিং ইয়াং। তিনি বলেন, এই উদ্যোগ বাংলাদেশের জন্য ডিজিটাল সংযোগ বাড়ানো, নির্ভরযোগ্য ব্রডব্যান্ড সুবিধার সম্প্রসারণ এবং ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক দক্ষতা উন্নয়নের নতুন সুযোগ তৈরি করবে।

তিনি বলেন, ডিজিটাল হাইওয়ে উদ্যোগের সঙ্গে যুক্ত হয়ে বাংলাদেশ কৃষক, উদ্যোক্তা, রপ্তানিকারক, তরুণ কর্মী এবং নারী উদ্যোক্তাদের চাহিদা আরও কার্যকরভাবে পূরণ করতে পারবে। এ ছাড়া আইজিএনডি এবং দক্ষিণ এশিয়া উপ-আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা (সাসেক) উদ্যোগও এসব লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে।

তবে তিনি মনে করেন, আঞ্চলিক সংযোগ বাড়ানোর উদ্যোগ কখনোই অভ্যন্তরীণ সংস্কারের বিকল্প হতে পারে না। বরং এটি সংস্কারকে আরও কার্যকর করে তোলে। দেশের অভ্যন্তরীণ প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানো গেলে বাংলাদেশ আঞ্চলিক সুযোগগুলো আরও ভালোভাবে কাজে লাগাতে পারবে। একই সঙ্গে আঞ্চলিক সংযোগ বাড়লে বিনিয়োগ, উদ্ভাবন ও সংস্কারের জন্য আরও শক্তিশালী প্রণোদনা তৈরি হবে।

ইয়িংমিং ইয়াং বলেন, এসব উদ্যোগের সমন্বিত বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ আরও সংযুক্ত, প্রতিযোগিতামূলক এবং সুযোগসমৃদ্ধ অর্থনীতি গড়ে তুলতে পারবে। উন্নয়নের পরবর্তী ধাপে বেসরকারি খাতের নেতৃত্বাধীন প্রবৃদ্ধি, উদ্ভাবন এবং বিনিয়োগই দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তনের প্রধান চালিকাশক্তি হয়ে উঠবে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরও দীর্ঘ হচ্ছে সোনার দরপতন!
কিছু দিনের ব্যবধানে বিশ্ববাজারে সোনার দামের ছবিটা বদলে গেছে। গত বছরে যে সোনা ৫৩ বার নতুন রেকর্ড গড়েছিল, ২০২৬ সালে এসে দেখা যাচ্ছে তার টানা পতন।
আরও দীর্ঘ হচ্ছে সোনার দরপতন!
কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান পেল বাংলাদেশ
তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলনে দুটি আন্তর্জাতিক তহবিল থেকে প্রায় ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান নিশ্চিত করেছে বাংলাদেশ। বিশ্ব সুরক্ষায় গ্লোবাল শিল্ড থেকে অতিরিক্ত তহবিল পাওয়া গেলে এই অনুদানের পরিমাণ বেড়ে ১,০৫৮ কোটি টাকায় পৌঁছাতে পারে। রোববার (২২ নভেম্বর) ভোরে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, সম্মেলনে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ) থেকে ৩ কোটি মার্কিন ডলার (প্রায় ৩৭৪ কোটি টাকা) এবং গ্লোবাল শিল্ড থেকে ৩ কোটি ইউরো (প্রায় ৪১০ কোটি টাকা) নিশ্চিত করেছে বাংলাদেশ। তিনি বলেন, কর্মসূচির প্রথম পর্যায় সফলভাবে বাস্তবায়ন করতে পারলে গ্লোবাল শিল্ড থেকে আরও ২ কোটি ইউরো (প্রায় ২৭৩ কোটি টাকা) অতিরিক্ত পেতে পারে বাংলাদেশ। ড. সাইমুম বলেন, যদি এই অতিরিক্ত অর্থায়ন নিশ্চিত হয়, তবে সিআইএফ এবং গ্লোবাল শিল্ড থেকে মোট অনুদানের পরিমাণ দাঁড়াবে প্রায় ১,০৫৮ কোটি টাকা। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী স্পষ্ট করে বলেন যে, বাংলাদেশের প্রাপ্ত এই অর্থের সম্পূর্ণটাই অনুদান হিসেবে এসেছে এবং এগুলো পরিশোধ করতে হবে না। তিনি আরও বলেন, সিআইএফ-এর অনুদান সরকারের মাধ্যমে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ব্যবহার করা হবে, অন্যদিকে গ্লোবাল শিল্ডের সহায়তা জলবায়ু বীমা উদ্যোগ সহ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এই বাস্তবায়ন প্রক্রিয়া তদারকি করবে। তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ বৈশ্বিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ জলবায়ু অভিযোজনে বরাদ্দের আহ্বান জানিয়েছে এবং একই সঙ্গে নির্গমন হ্রাসে অর্থায়ন বাড়ানোর ওপর জোর দিয়েছে। অনুদান হ্রাস এবং ঋণ ও বিনিয়োগের ওপর ক্রমবর্ধমান নির্ভরশীলতা যে উন্নয়নশীল দেশগুলোর জন্য চ্যালেঞ্জ তৈরি করছে, তা উল্লেখ করে অনুদান ভিত্তিক অর্থায়নের সপক্ষে যুক্তি তুলে ধরে বাংলাদেশ। ড. সাইমুম বলেন, গ্লোবাল সাউথের অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশও অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নের দাবি জানিয়েছে। যেখানে ঋণ নেওয়া অপরিহার্য, সেখানে নমনীয় বা সহজ শর্তে (কনসেশনাল) তা দেওয়ার বিষয়ে আমরা জোর দিয়েছি। কপ৩১ সম্মেলনে বাংলাদেশের পাঁচ দফা দাবি উপস্থাপনাকে একটি বড় সাফল্য উল্লেখ করে তিনি জানান, প্রায় ৪৮ ঘণ্টার সফরকালে প্রধানমন্ত্রী দেশের জাতীয় বক্তব্য তুলে ধরেন এবং বেশ কয়েকটি দ্বিপক্ষীক বৈঠক করেন। পরবর্তীতে প্রতিনিধি দল সেই দাবির আলোকে আলোচনা চালিয়ে যায়। সম্মেলনটি সময়সীমা পেরিয়ে গড়ালে শেষ ধাপের দরকষাকষিতে গ্লোবাল সাউথের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশও সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিল বলে জানান তিনি। ম্যানগ্রোভ বন সংরক্ষণ প্রসঙ্গে ড. সাইমুম বলেন, তিনি ম্যানগ্রোভ অ্যালায়েন্সের মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন, যেখানে অংশগ্রহণকারীরা ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। তিনি আরও বলেন, আন্তর্জাতিক অনুদান ও অংশীদারিত্বের মাধ্যমে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার ও প্রসার ঘটানো, সংরক্ষণে স্থানীয় সম্প্রদায়কে সম্পৃক্ত করা এবং এই বাস্তুতন্ত্রের ওপর নির্ভরশীল মানুষের জীবিকার উন্নয়ন করাই বাংলাদেশের লক্ষ্য। বাংলাদেশ প্রতিনিধি দলের আকার সম্পর্কে জানতে চাওয়া হলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, সরকার সরকারি কর্মকর্তা, এনজিও, উন্নয়ন সহযোগী, তরুণ জলবায়ু কর্মী এবং সাংবাদিকদের অংশগ্রহণের ব্যবস্থা করেছে, যেখানে কিছু অংশগ্রহণকারী আন্তর্জাতিক সহযোগীদের কাছ থেকে আর্থিক সহায়তা পেয়েছেন। বাংলাদেশ প্যাভিলিয়নে ৪০টিরও বেশি পার্শ্ব-ইভেন্ট আয়োজিত হয়েছিল। তিনি জানান, আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় কার্যকর অবদান রাখার ক্ষেত্রে প্রতিনিধি দলের সদস্যদের সক্ষমতার ওপর আগামীতে আরও বেশি গুরুত্ব দেওয়া হবে। কার্বন ক্রেডিট বিক্রি প্রসঙ্গে ড. সাইমুম বলেন, গত সাত-আট মাস ধরে বাংলাদেশ প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করছিল। কপ৩১ চলাকালে কার্বন ক্রেডিটের মাধ্যমে রাজস্ব সংগ্রহের সুযোগ অন্বেষণ করতে প্রতিনিধি দল বিভিন্ন দেশের প্রতিনিধি, গোল্ড স্ট্যান্ডার্ড এবং গ্লোবাল কার্বন কাউন্সিলের সঙ্গে আলোচনা করেছে বলে তিনি জানান। তিনি আশা প্রকাশ করেন আগামী কয়েক মাসের মধ্যে এতে অগ্রগতি হবে এবং প্রক্রিয়াটি চূড়ান্ত হলে লেনদেনের বিস্তারিত প্রকাশ করা হবে। আরটিভি/টিআর
কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান পেল বাংলাদেশ
চলমান অস্থিরতায় ১৮ দিনেই পোশাকশিল্পে ক্ষতি ৪২ কোটি ডলার
দেশজুড়ে চলমান অস্থিরতায় মাত্র ১৮ দিনে ৩১৭টি পোশাক কারখানার প্রায় ৪২ কোটি ৮০ লাখ ডলারের ক্ষতি হয়েছে। এই হিসাব গত ১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ক্ষয়ক্ষতির এই হিসাব উঠে এসেছে পোশাক খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) এক জরিপে।
চলমান অস্থিরতায় ১৮ দিনেই পোশাকশিল্পে ক্ষতি ৪২ কোটি ডলার
ক্রেতারা ৬ কোটি পিস পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছে: বিজিএমইএ
তৈরি পোশাক খাতে চলমান শ্রম অসন্তোষের জেরে উৎপাদন বন্ধ থাকায় বাংলাদেশ থেকে প্রায় ৬ কোটি পিস পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছেন বিদেশি ক্রেতারা। এতে প্রায় ৩ হাজার ৯৬ কোটি টাকা (২৫৪ মিলিয়ন ডলার) ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বিজিএমইএ।
ক্রেতারা ৬ কোটি পিস পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছে: বিজিএমইএ
শ্রমিক অসন্তোষে ৩১৭ কারখানায় ৫১৩৬ কোটি টাকার ক্ষতি: বিজিএমইএ
তৈরি পোশাক খাতে চলমান শ্রম অসন্তোষের কারণে উৎপাদন বন্ধ থাকা এবং কারখানার ক্ষতি মিলিয়ে ৩১৭টি কারখানার সরাসরি প্রায় ৫ হাজার ১৩৬ কোটি টাকার (৪২৮ মিলিয়ন মার্কিন ডলার) সমপরিমাণ ক্ষতি হয়েছে।
শ্রমিক অসন্তোষে ৩১৭ কারখানায় ৫১৩৬ কোটি টাকার ক্ষতি: বিজিএমইএ
আরও পড়ুন
বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী যুক্তরাষ্ট্র
রেমিট্যান্সের নতুন সম্ভাবনাময় উৎস অস্ট্রেলিয়া ও কানাডা
খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে বাংলাদেশ ব্যাংকের বহুমুখী উদ্যোগ
ঢাকায় চলছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক