ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষিঋণ মওকুফে স্বস্তিতে ১৪ লাখ কৃষক, চাঙা হচ্ছে গ্রামীণ অর্থনীতি

আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ১০:০২ এএম
ধান হাতে একজন কৃষক। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর সারাদেশে ১৪ লাখ ৩৪ হাজার ৪৮২ জন কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ করেছে। এতে ঋণের বোঝা থেকে স্বস্তি পেয়েছেন প্রান্তিক কৃষকেরা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হচ্ছে।

দীর্ঘদিনের ঋণের বোঝা আর খেলাপি হওয়ার কারণে নতুন করে ব্যাংকঋণ না পাওয়ার সংকটে থাকা এসব কৃষকদের ঋণের সুদসহ মোট ১ হাজার ৩৫২ কোটি ৭৪ লাখ টাকা পরিশোধ করেছে সরকার।

প্রাকৃতিক দুর্যোগ, উৎপাদন খরচ বৃদ্ধি ও বাজার মন্দায় জর্জরিত প্রান্তিক চাষিরা ঋণ পরিশোধের দুশ্চিন্তা থেকে মুক্তি পেয়ে নতুন উদ্যমে কৃষিকাজে মনোনিবেশ করছেন। সরকারের এই পদক্ষেপে চড়া সুদের মহাজনি দাদন ব্যবসার শৃঙ্খল ভেঙে কৃষকরা পুনরায় আনুষ্ঠানিক ব্যাংকিং ধারায় ফিরে আসছেন, যা দেশের গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে।

১০ হাজার টাকা পর্যন্ত ঋণগ্রহণকারী এসব কৃষকের মূল ঋণের ওপর যত টাকাই সুদ বা বকেয়া জমা হয়েছে, এর সম্পূর্ণ আসল ও সুদ মওকুফ করেছে সরকার। বর্তমান সরকারের নির্বাচনি অঙ্গীকার ও কৃষকবান্ধব নীতির অংশ হিসেবে বাস্তবায়িত এ কর্মসূচিকে প্রান্তিক কৃষকদের জন্য তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন অর্থনীতিবিদ ও সংশ্লিষ্টরা।

সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেন, ‘সুদসহ কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত প্রান্তিক কৃষকদের জন্য বড় উপহার। এ উদ্যোগ গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।’

তিনি বলেন, কৃষক বাঁচলে উৎপাদন বাড়বে, আর উৎপাদন বাড়লে দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তা শক্তিশালী হবে। তাই কৃষকদের টেকসই স্বাবলম্বী করতে উৎপাদন ব্যয় কমানো, কৃষি উপকরণ নিশ্চিত করা ও ভর্তুকি দেওয়ার ক্ষেত্রে কৃষি খাতকে অগ্রাধিকার দেওয়া উচিত।

তিনি আরও বলেন, বাংলাদেশে খাদ্য সংকট দেখা দিলে বিদেশ থেকে বেশি দামে খাদ্য আমদানি করতে হতে পারে। আন্তর্জাতিক বাজারে খাদ্যের সংকট তৈরি হলে ভিয়েতনাম ও থাইল্যান্ডের মতো দেশগুলো চড়া দামে খাদ্য বিক্রি করে। অতীতেও এ ধরনের পরিস্থিতি দেখা গেছে। তাই খাদ্য নিরাপত্তায় দেশীয় কৃষিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

অধ্যাপক আবু আহমেদ বলেন, শুধু ঋণ মওকুফের মাধ্যমে কৃষকদের সব সমস্যার সমাধান হবে না। কারণ, কোনো কোনো কৃষকের ঋণের পরিমাণ ২০ হাজার, ৩০ হাজার বা ৫০ হাজার টাকা কিংবা তারও বেশি হতে পারে। তবে ঋণ মওকুফের এই উদ্যোগ কৃষকদের জন্য বড় ধরনের আর্থিক স্বস্তি বয়ে আনবে।

যশোর সদর উপজেলার কয়েকজন কৃষকের অভিজ্ঞতায় উঠে এসেছে এ স্বস্তির বাস্তব চিত্র। তারা জানান, দীর্ঘদিন ধরে ঋণ পরিশোধের দুশ্চিন্তায় থাকার পর সরকারের ঋণ মওকুফের সিদ্ধান্ত তাদের জন্য বড় ধরনের স্বস্তি নিয়ে এসেছে।

উপজেলার দেয়াড়া ইউনিয়নের নারাঙ্গলী গ্রামের কৃষক ফারুক হোসেন জানান, ১০ হাজার টাকা ঋণ নিয়ে খেলাপি হওয়ায় দীর্ঘদিন ধরে দুশ্চিন্তায় ছিলেন তিনি। ঋণ পরিশোধের জন্য বাড়ির গাছ কিংবা গোয়ালের গরু বিক্রির কথাও ভাবছিলেন। কিন্তু ঋণ মওকুফ হওয়ায় তাকে আর এসব সম্পদ বিক্রি করতে হয়নি।

ফারুক বলেন, ‘আমার মতো মানুষের ওপর থেকে বড় একটা বোঝা নেমে গেছে। বিপদের সম্বল বাড়ির গাছ, গরু কিছুই বিক্রি করতে হয়নি।’

একই উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঝাউদিয়া গ্রামের কৃষক মো. মহিউদ্দিন বলেন, ‘১০ হাজার টাকার ঋণ নিয়ে দিতে না পারায় খুব চাপের মধ্যে ছিলাম। নির্বাচনের আগে বিএনপি প্রতিশ্রুতি দিয়েছিল যে সরকার গঠন করতে পারলে তারা এই ঋণ মওকুফ করে দেবে। সরকার গঠন করার পর প্রথম কাজ হিসেবে তারা এই ঋণ মওকুফ করে দিয়েছে।’

তিনি বলেন, ‘আমার বিক্রি করার মতো কিছুই নেই। কোনোভাবেই এই ঋণ শোধ করতে পারতাম না। সরকার আমাকে বাঁচিয়ে দিয়েছে।’

এছাড়াও উপজেলার চাঁচড়া ইউনিয়নের রূপদিয়া গ্রামের কৃষক ইদ্রিস আলী এবং আরবপুর ইউনিয়নের মালঞ্চী গ্রামের কৃষক হায়দার আলীও কৃষিঋণ মওকুফের বিষয়ে তাদের স্বস্তির প্রতিক্রিয়া জানান।

দেশব্যাপী এ কর্মসূচির সিংহভাগ সুবিধা দেওয়া হয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটি মোট ৭ লাখ ৯ হাজার ৬৭৯ জন প্রান্তিক কৃষকের ৬০৪ কোটি ৮১ লাখ টাকা কৃষিঋণ মওকুফ করেছে।

বাকি ৭ লাখ ২৪ হাজার ৮০৩ জন কৃষক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, অন্যান্য রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এই সুবিধা পেয়েছেন। তাদের অনুকূলে বাকি প্রায় ৭৪৭ কোটি ৯৩ লাখ টাকা মওকুফ নিশ্চিত করেছে সরকার।

১০ হাজার টাকা পর্যন্ত আসল ও সুদসহ কৃষিঋণ মওকুফ প্রক্রিয়াটি মূলত সরকার, বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সমন্বয়ে একটি নির্দিষ্ট দাপ্তরিক নীতিমালার মাধ্যমে সম্পন্ন হয়েছে। সাধারণ কৃষকদের যেন কোনো বাড়তি হয়রানির শিকার হতে না হয়, সেজন্য এই প্রক্রিয়াটি ব্যাংকগুলো সরাসরি পরিচালনা করছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রাথমিক হিসাব অনুযায়ী, ২০২৫-২০২৬ অর্থবছরে জিডিপিতে কৃষির অবদান ১১ দশমিক ৮৫ শতাংশ। অথচ কৃষি ও পল্লী খাতে ঋণ বিতরণের লক্ষ্যে ব্যাংকসমূহের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল তাদের মোট ঋণ ও অগ্রিমের মাত্র ২ দশমিক ২৩ শতাংশ এবং নিট ঋণ ও অগ্রিমের মাত্র ২ দশমিক ৯৫ শতাংশ।

বাংলাদেশ ব্যাংক জানায়, এরই প্রেক্ষিতে দেশে কৃষির উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জিডিপির প্রবৃদ্ধি অর্জন এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে কৃষি খাতে পর্যাপ্ত ঋণ প্রবাহ গুরুত্ব দেওয় হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক চলতি ২০২৬-২০২৭ অর্থবছরে কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ব্যাংকগুলোর নিট ঋণ ও অগ্রিমের ৪ শতাংশে উন্নীতকরণের মাধ্যমে ৬০ হাজার কোটি টাকা নির্ধারণ করেছে। এ লক্ষ্যমাত্রা গত ২০২৫-২০২৬ অর্থবছরের লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৫৩ দশমিক ৮৫ শতাংশ বেশি।

২০২৫-২০২৬ অর্থবছরে ব্যাংকগুলো কৃষি ও পল্লী খাতে ৪২ হাজার ৮৩৪ কোটি ১৬ লাখ টাকা ঋণ বিতরণ করেছে। নির্ধারিত ৩৯ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে এ বিতরণ ছিল লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। আগের ২০২৪-২০২৫ অর্থবছরে বিতরণ করা হয়েছিল ৩৭ হাজার ৩২৬ কোটি ৫২ লাখ টাকা। সে হিসাবে এক বছরে কৃষি ও পল্লী ঋণ বিতরণ বেড়েছে ৫ হাজার ৫০৭ কোটি ৬৪ লাখ টাকা বা ১৪ দশমিক ৭৬ শতাংশ।

ঋণখেলাপি হওয়ার কারণে অনেক কৃষক নতুন করে ব্যাংক থেকে ঋণ পাচ্ছিলেন না। এই মওকুফের ফলে প্রান্তিক কৃষকরা চড়া সুদের দাদন ব্যবসা বা মহাজনি ঋণ থেকে বেড়িয়ে আনুষ্ঠানিক ব্যাংকিং খাতে ফিরে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিশেষজ্ঞদের মতে, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের অর্থ সরকার সরাসরি সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে পরিশোধ করায় গ্রামীণ অর্থনীতিতে অর্থায়নে নিয়োজিত স্থানীয় ব্যাংক শাখা ও বিশেষায়িত ব্যাংকগুলোর তারল্য সংকট দূর হবে। গ্রামীণ অর্থনীতিতে নতুন ঋণপ্রবাহ বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। সূত্র: বাসস

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ব্যাংকের শীর্ষ পদে থাকতে পারবেন না রাজনীতিবিদরা, আসছে আরও পরিবর্তন
বাংলাদেশ ব্যাংকের সুপারিশের ভিত্তিতে ব্যাংক কোম্পানি আইনের সংশোধনী খসড়া তৈরি করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এর মধ্য দিয়ে দেশের ব্যাংক খাত পরিচালনায় বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। 
ব্যাংকের শীর্ষ পদে থাকতে পারবেন না রাজনীতিবিদরা, আসছে আরও পরিবর্তন
পদে পদে বাধার মুখে তরুণ উদ্যোক্তারা, যা বলছে গবেষণা
ব্যবসা শুরু করতে গিয়ে ব্যাংকঋণ, লাইসেন্স ও সরকারি সেবা পেতে নানা বাধার মুখে পড়ছেন তরুণ উদ্যোক্তারা। সরকারি দপ্তর থেকে সেবা নিতে গিয়ে ঘুষ ও দীর্ঘসূত্রতার অভিজ্ঞতা হয়েছে ৮০ শতাংশ তরুণের। 
পদে পদে বাধার মুখে তরুণ উদ্যোক্তারা, যা বলছে গবেষণা
জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন, ৮ উদ্যোক্তাকে পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী
দেশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন, বিক্রি এবং বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি করতে শুরু হয়েছে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬। 
জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন, ৮ উদ্যোক্তাকে পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী
নতুন করে খেলাপি হওয়ার শঙ্কায় বহু পোশাক কারখানা মালিক
খাতভিত্তিক খেলাপি ঋণের হারে এমনিতেই শীর্ষে রয়েছে দেশের তৈরি পোশাক শিল্প। এর ওপর চলমান শ্রমিক আন্দোলন সেই উদ্বেগ ও শঙ্কাকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। কারখানাগুলোতে স্বাভাবিক লেনদেন কমতে শুরু করেছে, আর উৎপাদন ও রপ্তানি খাতে তৈরি হচ্ছে অনিশ্চয়তা।  এমন পরিস্থিতিতে চরম দুশ্চিন্তায় দিন পার করছেন উদ্যোক্তারা। বিশ্লেষকদের মতে, সংকটের দ্রুত সমাধান না হলে পুরো অর্থনীতি আরও বড় ঝুঁকিতে পড়বে। দেশের পোশাক খাতে একসময় শক্ত অবস্থানে ছিল চিত্রনায়ক অনন্ত জলিলের প্রতিষ্ঠান এজেআই গ্রুপ। তবে ব্যাংক থেকে নেওয়া মোটা অঙ্কের ঋণ সময়মতো পরিশোধ করতে না পারায় প্রতিষ্ঠানটি খেলাপিতে পরিণত হয়েছে। এতে ১২ হাজার শ্রমিকের কর্মসংস্থান ও রুটি-রুজির এই উৎস এখন বন্ধ হওয়ার ঝুঁকিতে। সম্প্রতি প্রায় ২০০ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ে এজেআই গ্রুপকে আইনি নোটিশ পাঠিয়েছে সংশ্লিষ্ট ব্যাংক। পাশাপাশি বিপুল পরিমাণ বিল বকেয়া থাকায় প্রতিষ্ঠানটির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। শুধু এজেআই গ্রুপই নয়; পরিবেশবান্ধব বা ‘সবুজ কারখানা’ হিসেবে বিশ্বজুড়ে সুনাম কুড়ানো প্লামি ফ্যাশনসও একই সংকটের মুখে পড়েছে। প্রতিষ্ঠানটির উদ্যোক্তা বর্তমানে এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জানান, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে বহু উদ্যোক্তা ব্যবসায়িকভাবে মুখ থুবড়ে পড়বেন। ব্যাংক ও রপ্তানিতে নিবিড় প্রভাব দেশের মোট রপ্তানি আয়ের ৮৫ শতাংশই আসে পোশাক খাত থেকে। পাশাপাশি দেশের মোট আমদানিরও বড় একটি অংশ এই খাতের উদ্যোক্তাদের মাধ্যমে সম্পন্ন হয়। ফলে দেশের সামগ্রিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে বস্ত্র ও তৈরি পোশাক খাতের সম্পর্ক অত্যন্ত নিবিড়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সাল শেষে বস্ত্র ও পোশাক খাতে ঋণের পরিমাণ দাঁড়িয়েছিল প্রায় সাড়ে ৩ লাখ কোটি টাকা। এর মধ্যে ৩১ শতাংশ ঋণই খেলাপি। এতে ব্যাংকিং খাত এমনিতেই চাপে রয়েছে; চলমান সংকট দীর্ঘায়িত হলে ব্যাংক ও উদ্যোক্তা—উভয় পক্ষই আরও বড় বিপাকে পড়বে। উৎপাদন খরচ বৃদ্ধি ও কমদামি পণ্যের চাপ বিজিএমইএর সাবেক পরিচালক শোভন ইসলাম জানান, সাম্প্রতিক সময়ে উৎপাদন খরচ ব্যাপকভাবে বেড়েছে। তার ভাষায়, আমাদের উৎপাদন খরচ বেড়েছে। তেলের মূল্য বেড়েছে ৪৩%, গ্যাসের মূল্য বেড়েছে ৩১%, পোর্টের খরচ বেড়েছে। আবার এখন শ্রমের মূল্যের ওপর একটা প্রেসার। আমরা তো লস দিয়ে আর ফ্যাক্টরি চালাতে পারবো না বা লস দিয়ে ব্যাংকের লোন পরিশোধ করতে পারবো না। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য বলছে, অর্থবছরের প্রথম চার মাসে রপ্তানি কিছুটা বাড়লেও এর বড় অংশই এসেছে কমদামি পণ্য থেকে, যেখানে মুনাফার হার নামমাত্র। এতে করে উদ্যোক্তাদের ঋণ পরিশোধের সক্ষমতা ক্রমেই কমে আসছে। দৈনিক বন্ধ অন্তত ২০০ কারখানা, সমাধানের পথ কী? বিজিএমইএর হিসাব অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে প্রতিদিন গড়ে অন্তত ২০০টি কারখানা বন্ধ থাকছে। এমন প্রেক্ষাপটে অর্থনীতি ও শিল্প বাঁচাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে, কারখানাগুলোতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে বিশেষ নীতিগত ও আর্থিক সহায়তা দিলে এই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। আরটিভি/এসআর
নতুন করে খেলাপি হওয়ার শঙ্কায় বহু পোশাক কারখানা মালিক
পুরোনো সোনা বিক্রি ও বদলে নতুন নিয়ম!
পুরোনো সোনা বিক্রি ও বদলের নতুন নিয়ম জারি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।  রোববার (২২ নভেম্বর) থেকে নতুন এই নিয়ম কার্যকর হয়েছে। বাজুসের নোটিশ অনুযায়ী, ২২ নভেম্বর থেকে পুরোনো স্বর্ণালংকার বিনিময়ের ক্ষেত্রে ৯ শতাংশ এবং ক্রেতার কাছ থেকে পুরোনো সোনা কেনার ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে। বিনিময় এবং বিক্রি এক বিষয় নয়। বিনিময়ে পুরোনো গহনার হিসাব নতুন গহনা কেনার সঙ্গে সমন্বয় হয়। আর বিক্রির ক্ষেত্রে দোকান পুরোনো গহনা কিনে নেয়। তাই দুই লেনদেনে কর্তনের হারও আলাদা। সহজভাবে বললে, পুরোনো গহনা বদলে নতুন গহনা নিলে হিসাবের ক্ষেত্রে ৯ শতাংশ কর্তন হবে। আর পুরোনো গহনা দোকানে বিক্রি করলে প্রযোজ্য হিসাব থেকে ১৫ শতাংশ বাদ যাবে। তবে প্রকৃত মূল্য নির্ভর করবে সোনার বিশুদ্ধতা, ওজন, যাচাই এবং দোকানের হিসাবের ওপর। আগের নিয়মের সঙ্গে নতুন নিয়মের পার্থক্য ২০২৩ সালের বাজুস নির্দেশনা নিয়ে প্রকাশিত প্রতিবেদনে পুরোনো সোনা বিনিময়ে ১০ শতাংশ এবং ক্রেতার কাছ থেকে পুরোনো সোনা কেনায় ২০ শতাংশ কর্তনের কথা বলা হয়েছিল। পরে ২০২৪ সালের মে মাসে প্রকাশিত প্রতিবেদনে বিনিময়ে ১০ শতাংশ এবং পুরোনো সোনা কেনায় ১৫ শতাংশ কর্তনের হার উল্লেখ করা হয়।  এবার ২০২৬ সালের ২২ নভেম্বরের নোটিশে এই বিক্রি ও বিনিময়ের হার হয়েছে যথাক্রমে ৯ শতাংশ ও ১৫ শতাংশ। অর্থাৎ ২০২৪ সালের হারের তুলনায় বিনিময়ে কর্তন ১০ শতাংশ থেকে কমে ৯ শতাংশ হয়েছে। পুরোনো সোনা কেনার ক্ষেত্রে ১৫ শতাংশের হার অপরিবর্তিত রয়েছে। ২০২৩ সালের প্রতিবেদনের সঙ্গে তুলনা করলে পুরোনো সোনা কেনার কর্তন ২০ শতাংশ থেকে ১৫ শতাংশে নেমেছে। নতুন নিয়মে ক্রেতার সুবিধা বিনিময়ে কর্তন ১০ শতাংশ থেকে ৯ শতাংশ হওয়ায় পুরোনো গহনা বদলে নতুন গহনা নিতে গেলে আগের তুলনায় সামান্য বেশি মূল্য সমন্বয়ের সুযোগ তৈরি হতে পারে। উদাহরণ হিসেবে, একই মূল্যায়ন ধরে ১ লাখ টাকার গহনায় ১০ শতাংশের বদলে ৯ শতাংশ কর্তন হলে ১ হাজার টাকা কম বাদ যাবে। পুরোনো সোনা কেনার ক্ষেত্রে ১৫ শতাংশ কর্তন বজায় থাকায় এ অংশে ২০২৪ সালের তুলনায় নতুন কোনো ছাড় যোগ হয়নি। তবে ২০২৩ সালের ২০ শতাংশ হারের সঙ্গে তুলনায় কর্তন কম। নিয়মের হার স্পষ্টভাবে জানা থাকলে ক্রেতা দোকানের হিসাব যাচাই করতে পারেন এবং বিনিময় ও বিক্রির পার্থক্য বুঝতে পারেন। সোনার গহনা বিক্রি ও বিনিময়ের ক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল রাখা দরকার কর্তনের হার জানা থাকলেও সেটিই একমাত্র হিসাব নয়। পুরোনো গহনার প্রকৃত ওজন এবং সোনার বিশুদ্ধতা যাচাইয়ের পর মূল্য নির্ধারিত হয়। গহনায় পাথর বা অন্য উপাদান থাকলে সেগুলোর ওজন কীভাবে হিসাব করা হচ্ছে, তা জেনে নেওয়া উচিত। একই গহনা একাধিক দোকানে দেখালে মূল্যায়ন ও হাতে পাওয়া টাকার হিসাব তুলনা করা সহজ হয়। রসিদ বা পুরোনো ক্রয়-সংক্রান্ত কাগজ থাকলে সঙ্গে রাখা উচিত। লেনদেনের আগে কর্তনের হার এবং চূড়ান্ত সমন্বয়ের পরিমাণ লিখিতভাবে বুঝে নেওয়াও ভালো। আরটিভি/এসএইচএম
পুরোনো সোনা বিক্রি ও বদলে নতুন নিয়ম!
আরও পড়ুন
শ্রেণিকক্ষের পাঠ ছাড়িয়ে যিনি শেখান জীবনের পাঠ
আসছে এসএমই নীতিমালা, লক্ষ্য ২৫ লাখ কর্মসংস্থান
মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র তার দায় কিছুটা পূরণের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পুনরুত্থান হতে দেওয়া হবে না: মীর শাহে আলম