ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রেণিকক্ষের পাঠ ছাড়িয়ে যিনি শেখান জীবনের পাঠ

ডিআইইউ সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৮ এএম
৯নং পশ্চিম হাজারীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন।  ছবি: আরটিভি

একটি নতুন স্কুল ড্রেস। গায়ে তখনও নতুন কাপড়ের গন্ধ। ছোট্ট এক শিক্ষার্থীর চোখেমুখে আনন্দ। সেই আনন্দ দেখে শিক্ষকও হয়তো নিজের অজান্তেই খুশি হয়েছিলেন। মোবাইলের ক্যামেরায় তুলে রেখেছিলেন সেই মুহূর্তের একটি ছবি। ছবিটি হয়তো তখন খুব সাধারণ ছিল। কিন্তু সময়ের সঙ্গে সেই ছবিই হয়ে উঠেছে শৈশবের এক অমূল্য স্মৃতি।

ছবির মানুষটি শুধু একজন শিক্ষক ছিলেন না। ছিলেন এমন একজন, যার শাসনে ভয় থাকলেও সেই ভয় কখনো আতঙ্ক তৈরি করেনি। বরং ছিল ভালোবাসা। যার একটি প্রশংসা ছোট্ট একজন শিক্ষার্থীর আত্মবিশ্বাস বাড়িয়ে দিত, আবার তার একটু মন খারাপই হয়ে উঠত সবচেয়ে বড় শাস্তি। তিনি মো. কামাল হোসেন। ৯নং পশ্চিম হাজারীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। দীর্ঘ ২৬ বছর ধরে শিক্ষকতা করছেন। বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলায়।

প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত একজন শিক্ষার্থীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শৈশবের পাঁচটি বছর তার সান্নিধ্যে কেটেছে। এরপর কেটে গেছে প্রায় ১৬ বছর। সময় বদলেছে, জীবন বদলেছে, সেই ছোট্ট শিক্ষার্থীও বড় হয়েছে। কিন্তু শৈশবের সেই শিক্ষক আজও স্মৃতির পাতায় ঠিক আগের মতোই আছেন। বরং সময় যত গেছে, তার দেওয়া শিক্ষা আর স্মৃতিগুলোর মূল্য যেন আরও বেড়েছে।

একজন শিক্ষকের শাসন মানেই অনেকের কাছে কঠোরতা, ভয় কিংবা শাস্তির কথা মনে হতে পারে। কিন্তু মো. কামাল হোসেনের শাসন ছিল কিছুটা ভিন্ন। পড়া না শিখে গেলে তিনি রাগ করতেন। ফাঁকি দিলে মন খারাপ করতেন। কিন্তু সেই রাগের প্রকাশ ছিল না ভয় দেখানোর মতো। শিক্ষার্থীদের কাছে তার মন খারাপ করাটাই ছিল সবচেয়ে বড় শাসন। কারণ তাকে ভয় পাওয়ার চেয়ে তাকে হতাশ করার ভয়টাই বেশি কাজ করত।

ক্লাসে কোনো শিক্ষার্থী সঠিক উত্তর দিতে পারলে তিনি সবার সামনে প্রশংসা করতেন। সামান্য একটি ভালো কাজের জন্যও উৎসাহ দিতেন। একটি শিশুর কাছে শিক্ষকের মুখ থেকে পাওয়া সেই প্রশংসা কতটা বড় প্রেরণা হতে পারে, তা হয়তো তখন বোঝা যায়নি। কিন্তু সেই উৎসাহই ধীরে ধীরে আত্মবিশ্বাস তৈরি করেছিল। আবার দুর্বল শিক্ষার্থীদেরও তিনি আলাদা চোখে দেখতেন। সবাইকে একই মাপকাঠিতে বিচার না করে যাদের বেশি প্রয়োজন, তাদের বাড়তি গুরুত্ব দিয়ে বোঝানোর চেষ্টা করতেন। এখানেই ছিল তার শিক্ষাদানের একটি বড় শক্তি, শিক্ষার্থীর ভুল দেখার পাশাপাশি তিনি বুঝতে চাইতেন, ভুলের পেছনে কারণটা কী।

কামাল হোসেনের সঙ্গে জড়িয়ে থাকা কিছু স্মৃতি বইয়ের পাতায় লেখা নেই। সেগুলো তৈরি হয়েছে দৈনন্দিন ছোট ছোট মুহূর্তে। তার কাছে প্রাইভেট পড়ার সময়ের একটি ঘটনা আজও মনে আছে। পড়াতে এসে তিনি শুধু বই খুলে পড়ানো শুরু করতেন না। জিজ্ঞেস করতেন, দুপুরে খাওয়া হয়েছে কি না। কোনো সমস্যা আছে কি না। মন খারাপ কি না। একজন শিক্ষক যখন শিক্ষার্থীর বইয়ের বাইরে তার জীবন নিয়েও জানতে চান, তখন সেই শিক্ষক আর শুধু শিক্ষক থাকেন না। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন একজন অভিভাবকের মতো।

স্কুলেও কোনো শিক্ষার্থী সমস্যায় পড়লে তার কাছে যাওয়ার সুযোগ ছিল। পড়াশোনার পাশাপাশি ভালো মানুষ হওয়ার কথাও বলতেন বারবার। ভালো মানুষ হতে হবে, দেশের সম্পদ হতে হবে, পরিবারকে গর্বিত করতে হবে। শৈশবে এসব কথা হয়তো খুব সাধারণ মনে হয়েছিল। কিন্তু বড় হওয়ার পর বোঝা যায়, একজন শিক্ষক শুধু পাঠ্যবই শেষ করার চেষ্টা করেননি; তিনি শিক্ষার্থীর ভেতরে একটি মূল্যবোধ তৈরি করার চেষ্টা করেছিলেন।

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার সময়ের স্মৃতিও আলাদা। পরীক্ষা সামনে। শিক্ষার্থীর মনে দুশ্চিন্তা। কিন্তু সেই সময় মনে হতো, নিজের চেয়েও শিক্ষকই যেন বেশি চিন্তিত। কোথায় দুর্বলতা আছে, কোন অধ্যায় আরও ভালোভাবে অনুশীলন করতে হবে, কোথায় ভুল হচ্ছে, এসব নিয়ে তার নজর ছিল। পরীক্ষার আগে নিজের সর্বোচ্চটা দিয়ে পড়ানোর চেষ্টা করেছেন। ভালো ফলাফল যেন শুধু শিক্ষার্থীর নয়, তার নিজেরও দায়িত্ব। তখন হয়তো মনে হতো, স্যার এত চিন্তা করছেন কেন? এখন বুঝতে পারি, সেই উদ্বেগের পেছনে ছিল দায়িত্ববোধ। ছিল শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে একজন শিক্ষকের আন্তরিকতা।

কামাল হোসেন গণিত পড়াতেন। কিন্তু তার কাছ থেকে পাওয়া শিক্ষার হিসাব শুধু অঙ্কের খাতায় মেলেনি। তিনি শিখিয়েছেন, জীবনে ভালো ফলাফল গুরুত্বপূর্ণ, কিন্তু ভালো মানুষ হওয়া তার চেয়েও গুরুত্বপূর্ণ। এই কথাটি সময়ের সঙ্গে আরও গভীর হয়েছে। উচ্চশিক্ষার স্বপ্ন দেখা, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা, সমাজে ভালো কিছু করার আকাঙ্ক্ষা, এসবের পেছনে শৈশবে পাওয়া ছোট ছোট উৎসাহেরও ভূমিকা থাকে। একজন শিক্ষক হয়তো জানেন না, তার একটি কথা কোনো শিক্ষার্থীর মনে কত বছর বেঁচে থাকবে।

কামাল হোসেনের শিক্ষাদানের অন্যতম বৈশিষ্ট্য ছিল তার বিনয়। তিনি প্রয়োজন হলে কঠোর হয়েছেন, কিন্তু সেই কঠোরতা কখনো শিক্ষার্থীকে ছোট করার জন্য ছিল না। ভুল হলে বুঝিয়েছেন। উৎসাহ দিয়েছেন। সঠিক পথে ফেরার সুযোগ দিয়েছেন। একজন শিক্ষার্থীর ভুলকে শুধু শাস্তি দিয়ে ঠিক করা যায় না, তাকে বুঝতে হয়, তাকে সময় দিতে হয়, তাকে বিশ্বাস করতে হয়। তার শাসন ও ভালোবাসা তাই পাশাপাশি চলেছে। এ কারণেই তাঁর প্রতি শিক্ষার্থীদের যে ভয় ছিল, সেটি কখনো দূরত্ব তৈরি করেনি। বরং সেই ভয় ধীরে ধীরে শ্রদ্ধায় পরিণত হয়েছে।

কামাল হোসেনের কাছে আদর্শ শিক্ষার্থী মানেই শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়া নয়। একজন আদর্শ শিক্ষার্থীকে জ্ঞানপিপাসু হতে হবে। বিনয়ী হতে হবে। দায়িত্বশীল হতে হবে। অন্যকে সম্মান করতে হবে। নিজের ভুল থেকে শিক্ষা নিতে হবে। অর্জিত জ্ঞানকে ভালো কাজে ব্যবহার করতে হবে। তার কাছে শিক্ষার্থীর সবচেয়ে বড় অর্জন শুধু একটি সনদ নয়, বরং ভালো চরিত্র। তিনি চান, তার শিক্ষার্থীরা জীবনে সফল হোক। তবে সেই সফলতার সঙ্গে সততা, মানবিকতা ও দায়িত্ববোধও যেন থাকে। পরিবারে গর্বের কারণ হোক, সমাজের জন্য উপকারী হোক এবং দেশের জন্য সম্পদ হয়ে উঠুক, শিক্ষার্থীদের প্রতি তার প্রত্যাশা এমনই।

শিক্ষকতার ২৬ বছরে কত শিক্ষার্থী তার সামনে বসেছে, তার হিসাব হয়তো তার নিজের কাছেও নেই। কেউ হয়তো ডাক্তার হয়েছে, কেউ প্রকৌশলী, কেউ ব্যবসায়ী, কেউ চাকরি করছে। কেউ হয়তো এখনো নিজের জায়গা খুঁজছে। কিন্তু একজন শিক্ষকের সবচেয়ে বড় অর্জন সবসময় পদক বা পুরস্কারে মাপা যায় না। কখনো কখনো একজন প্রাক্তন শিক্ষার্থী বহু বছর পর ফোন করে বলে, ‘স্যার, আপনার সেই কথাটা এখনো মনে আছে।’ হয়তো তখনই একজন শিক্ষকের মনে হয়, তার শ্রম বৃথা যায়নি। কামাল হোসেনের ২৬ বছরের শিক্ষকতা জীবনের সবচেয়ে বড় অর্জনও হয়তো তার শিক্ষার্থীদের জীবনে রেখে যাওয়া সেই ছোট ছোট প্রভাব।

তার নিজের শিক্ষকদের প্রতি শ্রদ্ধা এবং তাদের কাছ থেকে পাওয়া অনুপ্রেরণাই তাকে শিক্ষকতা পেশার প্রতি আকৃষ্ট করেছে। তিনি মনে করেন, শিক্ষক শুধু পাঠদান করেন না। একজন শিক্ষার্থীর চিন্তা, মূল্যবোধ ও ভবিষ্যৎ গঠনে তার বড় ভূমিকা থাকে। এই জায়গাটিই হয়তো শিক্ষকতাকে তার কাছে আলাদা করে তুলেছে। একজন শিক্ষার্থীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনার সুযোগ, এই বিশ্বাস থেকেই তিনি দীর্ঘ সময় ধরে শিক্ষকতা করে চলেছেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তার বার্তা খুব সরল। স্বপ্ন দেখতে হবে। সেই স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম করতে হবে। ব্যর্থ হলে হতাশ হওয়া যাবে না; বরং ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আবার চেষ্টা করতে হবে। তবে জীবনে শুধু প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখলেই হবে না। ভালো মানুষ হওয়ার স্বপ্নও দেখতে হবে। সততা, মানবিকতা ও সৎ চরিত্রকে জীবনের অংশ করতে হবে। কারণ একজন শিক্ষকের কাছে শিক্ষার্থীর সবচেয়ে বড় সাফল্য শুধু সে কত বড় পদে পৌঁছেছে তা নয়; সে মানুষ হিসেবে কতটা ভালো হয়েছে, সেটিও গুরুত্বপূর্ণ।

সেই নতুন স্কুল ড্রেসের ছবিটিতে ফিরে যাই। ছবিতে হয়তো একটি শিশু, নতুন পোশাক, পাশে একজন শিক্ষক। মুহূর্তটি হয়তো তখন কয়েক সেকেন্ডের বেশি ছিল না। কিন্তু মানুষের জীবনে কিছু মুহূর্ত সময়ের চেয়ে অনেক বড় হয়ে থাকে। প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি, স্কুলের ক্লাস, প্রাইভেট পড়া, ভুল করলে শাসন, ভালো করলে প্রশংসা, বৃত্তি পরীক্ষার আগে উদ্বেগ, ভালো মানুষ হওয়ার পরামর্শ, সবকিছু মিলিয়ে একজন শিক্ষক ধীরে ধীরে একটি শিশুর জীবনের অংশ হয়ে ওঠেন।

তারপর সেই শিশু বড় হয়। স্কুলের গণ্ডি পেরিয়ে যায়। নতুন শিক্ষক আসে। নতুন প্রতিষ্ঠান আসে। জীবনে নতুন মানুষ আসে। কিন্তু শৈশবের কিছু মানুষ থেকে যান একেবারে অন্য জায়গায়, স্মৃতির ভেতরে।

আজ প্রায় ১৬ বছর পর পেছনে তাকালে মনে হয়, শৈশবের সেই শাসনগুলো আসলে কতটা প্রয়োজন ছিল। তখন হয়তো তার মন খারাপকে ভয় পেয়েছি। এখন বুঝি, সেই মন খারাপের ভেতরেও ছিল প্রত্যাশা। তখন হয়তো তার দেওয়া পরামর্শগুলোকে সাধারণ মনে হয়েছে। এখন বুঝি, একজন শিক্ষক কতটা দূর দেখতে পারলে একটি শিশুকে শুধু পরীক্ষার জন্য নয়, জীবনটার জন্য প্রস্তুত করতে চান।

মো. কামাল হোসেন আমার কাছে তাই শুধু একজন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন। তিনি শৈশবের একজন অভিভাবক, একজন পথপ্রদর্শক। একজন মানুষ, যার শাসনের মধ্যে ভালোবাসা ছিল, শিক্ষাদানের মধ্যে মানবিকতা ছিল, আর কথার মধ্যে ছিল ভবিষ্যৎ গড়ার স্বপ্ন।

একজন শিক্ষক কতটা বড়, তা তার পদবি দিয়ে বোঝা যায় না। বোঝা যায়, তার কোনো একজন শিক্ষার্থী বহু বছর পরও তাকে কীভাবে মনে রাখে। সেই জায়গা থেকে মো. কামাল হোসেন আমার কাছে একজন আদর্শ শিক্ষক। যিনি শুধু গণিত শেখাননি, জীবনের হিসাবটাও একটু বুঝিয়ে দিয়েছেন। যিনি শুধু ভুল ধরেননি, ভুল থেকে ফিরে আসার সাহস দিয়েছেন। যিনি শুধু শাসন করেননি, শাসনের আড়ালে ভালোবাসা দেখিয়েছেন।

আর সবচেয়ে বড় কথা, যিনি শিখিয়েছেন, জীবনে বড় হওয়ার আগে একজন ভালো মানুষ হতে হয়।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিড়ালের ‘মিউ মিউ’ ডাকা নিয়ে গবেষণায় মিলল নতুন তথ্য!
মানুষের সংস্পর্শে এলেই বাড়ে বিড়ালের ‘মিউ মিউ’ ডাক। কেন এই ডাক?  এ নিয়ে দীর্ঘদিন কৌতূহল থাকলেও এবার গবেষণায় মিলেছে নতুন তথ্য।
বিড়ালের ‘মিউ মিউ’ ডাকা নিয়ে গবেষণায় মিলল নতুন তথ্য!
পুরুষদের তুলনায় নারীদের বেশি শীত লাগার কারণ
একই তাপমাত্রায় অবস্থান করলেও অনেক সময় পুরুষদের তুলনায় নারীরা বেশি শীত অনুভব করেন। এমনকি ২০ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও অনেক নারী গরম পোশাক বা কম্বলের প্রয়োজন অনুভব করেন।
পুরুষদের তুলনায় নারীদের বেশি শীত লাগার কারণ
ইতিহাসে আজকের এই দিনে
শনিবার (২১ নভেম্বর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
উজ্জ্বল হলুদ-কমলা রঙের বিরল মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের ওসওয়েগো বন্দরে উজ্জ্বল হলুদ-কমলা রঙের বিরল এক মাছের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। মাছটির অস্বাভাবিক রং এবং শারীরিক অবস্থা নিয়ে গবেষকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
উজ্জ্বল হলুদ-কমলা রঙের বিরল মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
আজ বিশ্ব পুরুষ দিবস
বাবা, ভাই, স্বামী, বন্ধু কিংবা সহকর্মী জীবনের প্রতিটি পর্যায়ে পুরুষের অবদান গুরুত্বপূর্ণ। পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে পুরুষের ইতিবাচক ভূমিকা, অধিকার, মর্যাদা এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) পালিত হচ্ছে বিশ্ব পুরুষ দিবস।
আজ বিশ্ব পুরুষ দিবস