
বাংলাদেশের তৈরি পোশাক খাত নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র ও উসকানি দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
তিনি বলেন, পোশাকশিল্প যদি ধ্বংসের পথে যায় তবে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে শ্রমিকরাই। পোশাক খাতের শ্রমিকদের মজুরি বৃদ্ধি রাতারাতি পরিবর্তন করা যাবে না।
এতে মালিক ও শ্রমিক দুই পক্ষকে এক টেবিলে বসে সমস্যা সমাধানে উদ্যোগী হতে হবে। এই খাত নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র ও উসকানি চলছে।
শনিবার (২১ নভেম্বর) রাজধানীর এফডিসিতে ‘এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক এক ছায়া-সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এ প্রতিযোগিতায় স্পিকার হিসেবে সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগবান্ধব পরিবেশ, দুর্নীতি, অনিয়ম, ব্যবসার খরচ নিয়ন্ত্রণসহ সর্বক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠতে হবে। দেশে একটা টেকসই শাসনব্যবস্থা তৈরি করা না গেলে, কোনো সম্ভাবনাই কাজে লাগবে না। এর জন্য প্রয়োজন চৌকস প্রশাসনিক শাসনব্যবস্থা।
তিনি বলেন, বড় ধরনের রাজনৈতিক বিপর্যয়ের পর অস্থিরতা ও ষড়যন্ত্র তত্ত্বের চর্চা চলতেই থাকে। তবে স্বচ্ছতা, জবাবদিহি ও আত্মবিশ্বাস থাকলে কোনো ষড়যন্ত্র তত্ত্বই খুব বেশি গ্রহণযোগ্যতা পায় না। এসব পরিস্থিতি মোকাবিলায় গণতান্ত্রিক শাসনব্যবস্থার ধারাবাহিকতার মাধ্যমে রাষ্ট্রীয় সক্ষমতা বাড়াতে হবে।
অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বাংলাদেশের চ্যালেঞ্জ শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিকও। বারবার রাজনৈতিক অস্থিরতা এবং শাসনব্যবস্থার ভাঙাগড়ার কারণে দেশ পিছিয়ে যাচ্ছে। একতরফা বাণিজ্য সুবিধা পেয়ে যে অভ্যাস তৈরি হয়েছে, তা থেকে বেরিয়ে আসতে হবে। দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরির দিকে অতীতে যথাযথ দৃষ্টি দেওয়া হয়নি।
এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের উৎপাদনশীলতাকে আরও সময়োপযোগী করার ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে তৈরি পোশাক খাতের শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, এলডিসি উত্তরণের সময়সীমা আরও তিন বছর বাড়ানোয় শুল্কমুক্ত সুবিধা হারানোর তাৎক্ষণিক ঝুঁকি থেকে স্বস্তি পেয়েছে বাংলাদেশ। তবে এই বর্ধিত সময় আত্মতুষ্টিতে না ভুগে নিজেদের দুর্বলতা কাটিয়ে চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নিতে হবে।
তিনি বলেন, নানা সীমাবদ্ধতার কারণে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের ব্যবসায়ীরা এখনো যথাযথ প্রস্তুতি নিতে পারেননি। উত্তরণের পর তৈরি পোশাক খাতের বড় কারখানাগুলো তেমন সমস্যায় না পড়লেও মাঝারি ও ছোট কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
‘এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ অপেক্ষা সম্ভাবনা বেশি’ শীর্ষক ছায়া-সংসদে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিকে পরাজিত করে প্রাইমএশিয়া ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হন।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক জাকির হোসাইন, সাংবাদিক মাইদুর রহমান রুবেল, সাংবাদিক মো. আতিকুর রহমান ও সাংবাদিক তারিকুল ইসলাম মাসুম।
প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।
এসকেডি/ আরটিভি



