ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

অবকাঠামো উন্নয়নে বেসরকারি বিনিয়োগ বাড়াতে পিপিপি মনিটর চালু

বাসস

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পিএম
ছবি : সংগৃহীত

দেশের টেকসই অবকাঠামো উন্নয়ন এবং জনসেবার মান বাড়াতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার ও বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে ‘পিপিপি মনিটর: বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকায় আয়োজিত বাংলাদেশ পিপিপি ফোরামে এ উদ্যোগের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রকাশনাটির মূল পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরা হয়। এতে সরকারি কর্মকর্তা, বেসরকারি খাতের প্রতিনিধি, বিনিয়োগকারী, আর্থিক প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী, শিক্ষাবিদ এবং অবকাঠামো বিশেষজ্ঞরা অংশ নেন। বাংলাদেশের পিপিপি কাঠামোর বর্তমান অবস্থা, বিনিয়োগের সম্ভাবনা এবং বাস্তবায়নযোগ্য প্রকল্পের একটি শক্তিশালী তালিকা তৈরির বিষয়ে আলোচনা হয়।

এডিবির মার্কেটস ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বিভাগের প্রধান তাকেও কোইকে বলেন, টেকসই অবকাঠামো উন্নয়ন ও উন্নত জনসেবা নিশ্চিতে বাংলাদেশের সামনে বেসরকারি খাতের দক্ষতা, উদ্ভাবনী সক্ষমতা এবং পুঁজি কাজে লাগানোর বড় সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, সফল পিপিপি বাজার গড়ে তুলতে কার্যকর নীতি ও নিয়ন্ত্রক কাঠামো, শক্তিশালী প্রতিষ্ঠান, স্বচ্ছ প্রক্রিয়া এবং যথাযথভাবে প্রস্তুত করা প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিপিপি মনিটর নীতিগত সংস্কারে দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি টেকসই বেসরকারি বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে সহায়তা করবে।

এডিবির পিপিপি মনিটর সিরিজে সংস্থাটির উন্নয়নশীল সদস্য দেশগুলোর সরকারি-বেসরকারি অংশীদারত্বের চিত্র তুলে ধরা হয়। ৫০০টির বেশি গুণগত ও পরিমাণগত সূচকের ভিত্তিতে তৈরি এ প্রকাশনায় বাংলাদেশের পিপিপি কাঠামো, প্রকল্প উন্নয়ন ও অনুমোদন প্রক্রিয়া, সরকারি সহায়তার ব্যবস্থা এবং বাজারের পরিপক্কতা মূল্যায়ন করা হয়েছে।

সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে তৈরি বাংলাদেশের এ সংস্করণে আটটি অবকাঠামো খাত পর্যালোচনা করা হয়েছে। এগুলো হলো সড়ক, রেলপথ, সমুদ্রবন্দর, বিমানবন্দর, জ্বালানি, পানি ও পয়োনিষ্কাশন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ও সামাজিক অবকাঠামো।

পাশাপাশি স্থানীয় সরকার পর্যায়ে পিপিপি এবং পৌর অর্থায়নের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। পূর্ণাঙ্গ প্রতিবেদনটি ২০২৭ সালের শুরুর দিকে প্রকাশের কথা রয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশের বিনিয়োগ ও উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নে পিপিপির ভূমিকার বিষয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে বিনিয়োগ পরিবেশ উন্নত করা এবং বেসরকারি খাতের বিনিয়োগ বাড়াতে এডিবির সহায়তাপুষ্ট উদ্যোগগুলোর বিষয়ও উঠে আসে।

আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, পিপিপি ব্যবস্থাকে কার্যকর করতে প্রাতিষ্ঠানিক কাঠামো আরও শক্তিশালী করা, বিনিয়োগকারীদের আস্থা বাড়ানো এবং উন্নয়নমূলক সুফল নিশ্চিত করতে সক্ষম প্রকল্পের সুনির্দিষ্ট তালিকা তৈরি করা জরুরি।

এ জন্য প্রকল্পের যথাযথ প্রস্তুতি, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়া, ঝুঁকির ভারসাম্যপূর্ণ বণ্টন, চুক্তির ক্ষেত্রে পূর্বানুমানযোগ্যতা এবং শুরু থেকেই বিনিয়োগকারী ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর যোগাযোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর আওতায় প্রাতিষ্ঠানিক রূপান্তরের বিষয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে কার্যক্রম পরিচালনার সুস্পষ্ট ব্যবস্থা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় এবং চলমান পিপিপি প্রকল্পের ধারাবাহিকতা বজায় রাখার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এক সপ্তাহে গ্রামীণ ব্যাংকের ২২ শাখায় হামলার অভিযোগ
দেশের বিভিন্ন অঞ্চলে গত এক সপ্তাহে গ্রামীণ ব্যাংকের ২২টি শাখায় হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয়েছে।
এক সপ্তাহে গ্রামীণ ব্যাংকের ২২ শাখায় হামলার অভিযোগ
৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তুলছে সরকার
তিন হাজার কোটি টাকা অভিহিত মূল্যের ১৮২ দিন মেয়াদি বাংলাদেশ সরকারের বিনিয়োগ সুকুক (ইসলামি বন্ড) নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তুলছে সরকার
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, কারা পাবেন?
গ্রামীণ জনগোষ্ঠীর জন্য জামানত ছাড়াই সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকে না গিয়েই ডিজিটাল মাধ্যমে ঋণ আবেদন, গ্রহণ ও কিস্তি পরিশোধ করতে পারবেন প্রান্তিক জনগোষ্ঠী, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী, প্রতিবন্ধী ব্যক্তি এবং ব্যাংকিং সুবিধার বাইরে থাকা মানুষরা। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ‘ই-ঋণ’ (ই-লোন) পুনঃঅর্থায়ন স্কিম হালনাগাদ করা হয়েছে। গত ৯ নভেম্বর এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। নতুন নির্দেশনা অনুযায়ী, স্কিমটির মেয়াদ ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, দেশের তফসিলি ব্যাংকগুলোর মাধ্যমে এ ঋণ বিতরণ করা হবে। ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং অ্যাপ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) ও ই-ওয়ালেটসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে গ্রাহকরা ঋণের আবেদন ও অর্থ গ্রহণের সুযোগ পাবেন। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে ডিজিটাল পদ্ধতিতে। এ স্কিমের আওতায় একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ নিতে পারবেন। ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ ১২ মাস। গ্রাহক পর্যায়ে বার্ষিক সুদ বা মুনাফার হার নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৯ শতাংশ। অন্যদিকে, এ স্কিমের আওতায় অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে বার্ষিক ১ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক। যারা ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন ই-ঋণ স্কিমে ঋণ বিতরণের ক্ষেত্রে কয়েকটি জনগোষ্ঠীকে বিশেষ অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছেন প্রান্তিক জনগোষ্ঠী, প্রত্যন্ত ও দূরবর্তী এলাকায় বসবাসকারী এবং ব্যাংকিং সুবিধার বাইরে থাকা মানুষ। এ ছাড়া প্রান্তিক নারী, অতিক্ষুদ্র ও ক্ষুদ্র নারী উদ্যোক্তা, ১৮ থেকে ২৫ বছর বয়সী স্টুডেন্ট ব্যাংকিং হিসাবধারী শিক্ষার্থী, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি এবং তৃতীয় লিঙ্গের গ্রাহকরাও অগ্রাধিকার পাবেন। বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য, প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকা জনগোষ্ঠীকে সহজে ঋণ সুবিধার আওতায় আনা। বিশেষ করে যাদের পক্ষে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় জামানত দিয়ে ঋণ নেওয়া কঠিন, তাদের জন্য এ স্কিম কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক। ডিজিটাল লেনদেনে অভ্যস্ততা বাড়ানোর লক্ষ্য বাংলাদেশ ব্যাংক মনে করে, এ স্কিমের মাধ্যমে ক্ষুদ্র ঋণ সুবিধা সহজলভ্য হওয়ার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর আয়বর্ধক কর্মকাণ্ড বাড়বে। একইসঙ্গে ব্যাংকিং লেনদেনে মোবাইল অ্যাপ্লিকেশনসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে মানুষের আগ্রহ ও অভ্যস্ততা তৈরি হবে। এর ফলে আর্থিক অন্তর্ভুক্তি বাড়ার পাশাপাশি নগদ অর্থের ব্যবহার কমিয়ে ক্যাশলেস সমাজ প্রতিষ্ঠার উদ্যোগও গতি পাবে। কেন্দ্রীয় ব্যাংকের মতে, অর্থনৈতিক বৈষম্য কমানো এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই আর্থিক খাত গড়ে তোলার লক্ষ্যেই ই-ঋণ পুনঃঅর্থায়ন স্কিমটি হালনাগাদ করা হয়েছে। আরটিভি/এসআর
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, কারা পাবেন?
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতংকে উদ্যোক্তারা 
দেশের ব্যবসা-বাণিজ্যে এমনিতেই চলছে মন্দাভাব।
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতংকে উদ্যোক্তারা 
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের ব্যাংকিং খাতের প্রতিযোগিতামূলক পরিবেশে পরিবর্তন আসছে। এর প্রভাব পড়ছে বিদেশি ব্যাংকগুলোর ব্যবসায়িক কৌশলেও।
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
আরও পড়ুন
পার্বত্য চট্টগ্রামে টেকসই জ্বালানি উন্নয়নে এডিবির ঋণ সহায়তা
বন্ধ সরকারি কারখানায় ফিরেছে উৎপাদন
সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলারের ঋণ দিচ্ছে এডিবি
বিদ্যুৎ খাতের উন্নয়নে বাংলাদেশকে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি