
বাংলাদেশের দেশীয় ফুটওয়্যার শিল্পের আন্তর্জাতিক সম্প্রসারণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার। বিশ্বখ্যাত বিটুবি ই-কমার্স প্ল্যাটফর্ম আলিবাবা ডট কম-এ ভেরিফাইড সাপ্লায়ার হিসেবে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে প্রতিষ্ঠানটি।
এর ফলে আন্তর্জাতিক বাজারে নিজেদের পণ্য ও ব্র্যান্ড পরিচিতি তুলে ধরার পাশাপাশি বৈশ্বিক ক্রেতাদের কাছে ব্যবসায়িক সক্ষমতা ও রপ্তানি সম্ভাবনা উপস্থাপনের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে স্টেপ ফুটওয়্যারকে সহযোগিতা করছে বাংলাদেশে আলিবাবা ডট কম-এর অফিসিয়াল চ্যানেল পার্টনার ম্যাক্সিমো ইন্টারন্যাশনাল।
গত ১ নভেম্বর ২০২৬ তারিখে ঢাকার উত্তরায় অবস্থিত স্টেপ ফুটওয়্যারের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্টেপ ফুটওয়্যার ও ম্যাক্সিমো ইন্টারন্যাশনালের মধ্যে আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির এবং ম্যাক্সিমো ইন্টারন্যাশনাল- এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা নাঈম হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেলি গ্রুপের চেয়ারম্যান মাসুদুজ্জামান ও পরিচালক আয়মান জামান এবং ম্যাক্সিমো ইন্টারন্যাশনালের বিজনেস ডেভেলপমেন্ট লিড মুস্তাক-উল আলম সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার ‘মেড ইন বাংলাদেশ’ পরিচয়কে ধারণ করে গত এক যুগ ধরে নিজস্ব ডিজাইন, গুণগত মান, আরাম ও আধুনিক ফ্যাশনের সমন্বয়ে নারী, পুরুষ ও শিশুদের জন্য বিভিন্ন ধরনের জুতা বাজারজাত করে আসছে। ‘স্টেপ—মাই কমফোর্ট জোন’ স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে দেশীয় বাজারে নিজস্ব ব্র্যান্ড পরিচিতি সুপ্রতিষ্ঠিত করেছে।
আলিবাবা ডট কম-এ ভেরিফাইড সাপ্লায়ার হিসেবে যুক্ত হওয়ার ফলে স্টেপ ফুটওয়্যার আন্তর্জাতিক বিটুবি বাণিজ্যের ডিজিটাল প্ল্যাটফর্মে নিজেদের পণ্য ও উৎপাদন সক্ষমতা তুলে ধরার সুযোগ পাবে। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের আমদানিকারক, পাইকারি ক্রেতা ও সম্ভাব্য ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে যোগাযোগ স্থাপন, নতুন বাজারের সন্ধান এবং আন্তর্জাতিক ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির বলেন, আলিবাবা ডট কম -এর মতো আন্তর্জাতিক বিটুবি প্ল্যাটফর্মে যুক্ত হওয়া স্টেপ ফুটওয়্যারের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে আমাদের পণ্য ও ব্র্যান্ড পরিচিতি তুলে ধরার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য ম্যাক্সিমো ইন্টারন্যাশনাল -এর প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা আশাবাদী, এই নতুন যাত্রার মধ্য দিয়ে আন্তর্জাতিক বাজারে স্টেপ ফুটওয়্যারের ব্যবসায়িক পরিসর আরও সম্প্রসারিত হবে।
এ উদ্যোগের ধারাবাহিকতায় স্টেপ ফুটওয়্যার ২০২৬ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত Alibaba.com CoCreate 2026-এ অংশগ্রহণ করে। আন্তর্জাতিক ব্যবসায়িক পরিমণ্ডলে নিজেদের ব্র্যান্ড ও পণ্য পরিচিতি তুলে ধরার পাশাপাশি বৈশ্বিক ক্রেতা ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে এ অংশগ্রহণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
এই উদ্যোগে স্টেপ ফুটওয়্যারকে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা প্রদান করছে ম্যাক্সিমো ইন্টারন্যাশনাল। বাংলাদেশে আলিবাবা ডট কম- এর অফিসিয়াল চ্যানেল পার্টনার হিসেবে প্রতিষ্ঠানটি দেশীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক ডিজিটাল মার্কেটপ্লেসে যুক্ত করা, অনলাইন ব্যবসায়িক উপস্থিতি তৈরি এবং বৈশ্বিক বিটুবি বাণিজ্যের সুযোগ কাজে লাগাতে সহায়তা করে আসছে।
সংশ্লিষ্টদের মতে, আলিবাবা ডট কম- এর মতো আন্তর্জাতিক ডিজিটাল বাণিজ্য প্ল্যাটফর্মের সুযোগ কাজে লাগিয়ে স্টেপ ফুটওয়্যার ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে নিজেদের ব্র্যান্ড পরিচিতি প্রতিষ্ঠা এবং ব্যবসায়িক পরিসর আরও সম্প্রসারণের সুযোগ পাবে। একই সঙ্গে এ ধরনের উদ্যোগ বাংলাদেশের দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য বৈশ্বিক বাজারে প্রবেশ, নতুন ব্যবসায়িক অংশীদার খুঁজে পাওয়া এবং আন্তর্জাতিক বাণিজ্যে নিজেদের অবস্থান সুদৃঢ় করার নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।
দেশীয় উৎপাদন ও পণ্যের গুণগত মান আন্তর্জাতিক ক্রেতাদের সামনে তুলে ধরার প্রত্যয়ে স্টেপ ফুটওয়্যারের এ নতুন যাত্রা বাংলাদেশের ফুটওয়্যার শিল্পের বৈশ্বিক অগ্রযাত্রায় একটি উল্লেখযোগ্য সংযোজন হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
আরটিভি/এসকে




