
বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সিওও অব দ্য ইয়ার’ সম্মাননা পেয়েছেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের নির্বাহী পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মো. কামরুল হাসান। ব্যবসায়িক নেতৃত্ব, পরিচালনগত দক্ষতা এবং প্রতিষ্ঠানের প্রবৃদ্ধিতে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেয়া হয়েছে।
গত ২৩ নভেম্বর রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হয় বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস। ব্র্যান্ড ফোরামের দশম লিডারশিপ সামিটের অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে ২২টি ক্যাটাগরিতে দেশের করপোরেট খাতের ২৩ জন শীর্ষ নির্বাহীকে সম্মাননা দেয়া হয়।
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় কামরুল হাসান বলেন, এ অর্জন আমার একার নয়; বরং প্রতিষ্ঠানের দক্ষ ও নিবেদিতপ্রাণ সহকর্মীদের সম্মিলিত সাফল্য। আমি এসিআইয়ের শীর্ষ নেতৃত্ব, সহকর্মী, ব্যবসায়িক অংশীদার ও বিচারকমণ্ডলীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
আড়াই দশকের বেশি সময়ের কর্মজীবনে দেশের দ্রুতগতির ভোগ্যপণ্য (এফএমসিজি) খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কামরুল হাসান। ১৯৯৯ সালে গ্লোবাল বেভারেজ কোম্পানি লিমিটেডে যোগ দিয়ে ব্র্যান্ড মার্কেটিংয়ে কর্মজীবন শুরু করেন তিনি।
প্রতিষ্ঠানটিতে থাকাকালে ভার্জিন ড্রিংকস বাজারে আনেন। পরে এসিআইয়ে যোগ দিয়ে দুই দশকের বেশি সময় ধরে প্রতিষ্ঠানটির ভোক্তাপণ্য ব্যবসার সম্প্রসারণে কাজ করছেন।
এসিআইয়ের বিভিন্ন ব্যবসায়িক পোর্টফোলিওতে বিজনেস ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালনের পর তিনি প্রতিষ্ঠানটির চিফ বিজনেস অফিসার (সিবিও) হন। বর্তমানে তিনি নির্বাহী পরিচালক ও সিওও হিসেবে দায়িত্ব পালন করছেন।
এসিআই পিওর সল্টের মাধ্যমে দেশের প্রথম আয়োডিনযুক্ত ভ্যাকুয়াম ইভাপোরেটেড (ভিই) লবণ বাজারজাত এবং এ পণ্যকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তার ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া এয়ার ফ্রেশনার, ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন ও টুইংকেল বেবি ডায়াপারের মতো পণ্যের বাজার সম্প্রসারণেও অবদান রেখেছেন তিনি।
আরটিভি/এসআর




