ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

প্লাস্টিক ও সিরামিক খাতে বাংলাদেশে যৌথ বিনিয়োগে আগ্রহী কুয়েতের ব্যবসায়ীরা

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পিএম
ছবি: সংগৃহীত

প্লাস্টিক, সিরামিক, চামড়া ও চামড়াজাত পণ্যসহ বিভিন্ন খাতে বাংলাদেশ ও কুয়েতের ব্যবসায়ীরা যৌথ বিনিয়োগের বড় সম্ভাবনা দেখছেন। একই সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেছেন দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তারা।

বুধবার (১১ নভেম্বর) ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) উদ্যোগে কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধি দলের এক অনলাইন বৈঠকে এ আগ্রহের কথা উঠে আসে।

বৈঠকে সভাপতিত্ব করেন এফবিসিসিআইর প্রশাসক মো. ফজলুল হক। এতে কুয়েত চেম্বারের প্রতিনিধি, এফবিসিসিআইর কর্মকর্তা, কূটনীতিক এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্প উদ্যোক্তারা অংশ নেন।

বৈঠকে মো. ফজলুল হক দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সুসম্পর্কের কথা তুলে ধরে কুয়েতি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশের চামড়া, প্লাস্টিক, সিরামিক, প্রক্রিয়াজাত খাদ্য, তৈরি পোশাক ও তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের উল্লেখযোগ্য সুযোগ রয়েছে। এসব খাতে যৌথ উদ্যোগের মাধ্যমে দুই দেশের ব্যবসায়ীরা দ্রুত অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে পারেন।

কুয়েতের উচ্চ ক্রয়ক্ষমতা ও বাজার সম্ভাবনার কথা তুলে ধরে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের কাউন্সেলর (পলিটিক্যাল ও এইওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, কুয়েতের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, তথ্যপ্রযুক্তি এবং প্লাস্টিক পণ্যের ব্যাপক সম্ভাবনা রয়েছে। দুই দেশের উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের মধ্যে যোগাযোগ ও অংশীদারিত্ব বাড়াতে বাংলাদেশ দূতাবাস কাজ করছে।

আলোচনায় বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শামীম আহমেদ কুয়েতি উদ্যোক্তাদের বাংলাদেশে পেট্রোকেমিক্যাল শিল্পে বিনিয়োগের আহ্বান জানান।

প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী বলেন, কুয়েত থেকে উল্লেখযোগ্য পরিমাণ পেট্রোকেমিক্যাল ও পেট্রোলিয়াম পণ্য আমদানি করে বাংলাদেশ। এ ক্ষেত্রে দুই দেশের যৌথ বিনিয়োগের মাধ্যমে নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি হতে পারে। পাশাপাশি দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সহজ করতে ভিসা জটিলতা নিরসনের আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাইনুল ইসলাম কুয়েতি উদ্যোক্তাদের বাংলাদেশে সিরামিক খাতে বিনিয়োগের আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশে বিদ্যুৎ ও গ্যাসের সীমাবদ্ধতা বিবেচনায় কুয়েতে টেবিলওয়্যার সিরামিক কারখানা স্থাপনে দুই দেশের উদ্যোক্তাদের যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে।

অন্যদিকে, কুয়েত চেম্বারের প্রতিনিধি আব্দুল আজিজ কুয়েতের আবাসন খাতে বাংলাদেশে উৎপাদিত সিরামিকসহ বিভিন্ন নির্মাণ-সমাপ্তি পণ্যের বাজার সম্ভাবনার কথা তুলে ধরেন।

দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে তথ্য বিনিময় এবং পারস্পরিক যোগাযোগ জোরদারে সক্রিয় ভূমিকা রাখার আশ্বাস দেন কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডেপুটি ডিরেক্টর জেনারেল ইমাদ আল-জায়েদ।

অনলাইন বৈঠকে এফবিসিসিআইর মহাসচিব মো. আলমগীর, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধিরা অংশ নেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী
বুধবার (১১ নভেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী
ফটিকছড়িতে ‘অর্থনৈতিক অঞ্চল’ প্রতিষ্ঠার উদ্যোগ 
চট্টগ্রামের ফটিকছড়িতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) অথবা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে। 
ফটিকছড়িতে ‘অর্থনৈতিক অঞ্চল’ প্রতিষ্ঠার উদ্যোগ 
ইনানীতে গ্যাসের আগুনের নিচে আছে বড় রিজার্ভার: বাপেক্স
কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ খননের সময় নির্গত গ্যাসের আগুন ও পানির প্রবাহ ১৫ দিনেও বন্ধ হয়নি। দীর্ঘ পর্যবেক্ষণে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি সাময়িক কোনো গ্যাসের পকেট নয়, বরং এর নিচে রয়েছে বড় গ্যাসের রিজার্ভার।
ইনানীতে গ্যাসের আগুনের নিচে আছে বড় রিজার্ভার: বাপেক্স
হাজার হাজার কৃষকের ভাগ্য বদলে দিয়েছে দর্শনা কেরু চিনিমিল
দর্শনা কেরু চিনিমিল দেশের অর্থনীতিতে এক অনন্য ও লাভজনক রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। ঐতিহ্যবাহী এ ভারী শিল্প প্রতিষ্ঠানটি ৮৮ বছর ধরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। চুয়াডাঙ্গা জেলা শহর থেকে ২০ কিলোমিটার দূরে দামুড়হুদা উপজেলার দর্শনা শহরে এ কোম্পানিটি অবস্থিত।
হাজার হাজার কৃষকের ভাগ্য বদলে দিয়েছে দর্শনা কেরু চিনিমিল
এবার ন্যূনতম ৩৭ হাজার টাকা চান শ্রমিকরা, মজুরি বোর্ডের সামনে বিক্ষোভ
সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ন্যূনতম মজুরি বোর্ডের সামনে এ বিক্ষোভ শুরু করেন সংগঠনের সদস্যরা।
এবার ন্যূনতম ৩৭ হাজার টাকা চান শ্রমিকরা, মজুরি বোর্ডের সামনে বিক্ষোভ
আরও পড়ুন
শমিতের পর হামজার চমক, প্রথমার্ধে ২ গোল এগিয়ে বাংলাদেশ
রেমিট্যান্সে সুবাতাস, ১০ দিনে এলো ১৪০ কোটি ডলার
বিনিয়োগ উন্নয়নে আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ
রোহিঙ্গাদের কারণে বড় চাপে বাংলাদেশের অর্থনীতি: স্বরাষ্ট্রমন্ত্রী