
চট্টগ্রামের ফটিকছড়িতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) অথবা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে।
নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে স্থানীয় সংসদ সদস্য সরওয়ার আলমগীর জাতীয় সংসদে এই দাবি জানানোর পর বিষয়টি নিয়ে ইতিবাচক সাড়া মিলেছে সরকারি পক্ষ থেকে। এতে নতুন আশায় বুক বাঁধছে এই অঞ্চলের লাখো মানুষ।
সূত্র জানায়, চা-বাগান, রাবার বাগান, কৃষি ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ফটিকছড়ি আয়তন ও জনসংখ্যার দিক থেকে দেশের অন্যতম বৃহৎ সংসদীয় এলাকা। প্রায় ৭৭৪ বর্গকিলোমিটার আয়তনের এই উপজেলার (অভিবিভক্ত) জনসংখ্যা ১০ লাখের বেশি। চট্টগ্রাম মহানগরীর নিকটবর্তী অবস্থানে হওয়ায় ভৌগোলিক অবস্থানগত দিক থেকেও রয়েছে বিনিয়োগের যথেষ্ট সম্ভাবনা। অথচ দীর্ঘদিনেও এখানে গড়ে ওঠেনি উল্লেখযোগ্য কোনো বৃহৎ শিল্পাঞ্চল। ফলে কর্মসংস্থানের আশায় অনেক তরুণকে পাড়ি জমাতে হচ্ছে চট্টগ্রাম শহরসহ দেশের বিভিন্ন অঞ্চল ও বিদেশে। এ অবস্থায় ফটিকছড়ির কৃষি, চা, রাবার ও প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে পরিকল্পিত শিল্পায়নের উদ্যোগ নেওয়ার দাবি নতুন করে সামনে এসেছে।
জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম কার্যদিবসে কার্যপ্রণালি বিধির ৭১ ধারায় জরুরি জনগুরুত্বসম্পন্ন নোটিশের মাধ্যমে বিষয়টি উত্থাপন করেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর। তিনি স্পিকারের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ফটিকছড়িতে একটি রপ্তানিমুখী ইপিজেড প্রতিষ্ঠার দাবি জানান। পাশাপাশি উপজেলার বিনিয়োগ সম্ভাবনা সরেজমিনে যাচাই করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) একটি উচ্চপর্যায়ের কারিগরি প্রতিনিধিদল পাঠানোর জন্য সরকারের সহযোগিতা কামনা করেন।
এর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতীয় সংসদকে জানিয়েছেন, ফটিকছড়িতে অর্থনৈতিক অঞ্চল বা শিল্পাঞ্চল স্থাপনের প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে। সরকারের এই ইতিবাচক অবস্থানে শিল্পায়ন, বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা দেখছেন স্থানীয় বাসিন্দারা।
সংসদ সদস্য সরওয়ার আলমগীর বলেন, ‘ফটিকছড়িতে কৃষিভিত্তিক শিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, চা ও রাবার ভিত্তিক শিল্প, হালকা প্রকৌশল এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপনের ব্যাপক সুযোগ রয়েছে। এসব সম্ভাবনাকে কাজে লাগিয়ে পরিকল্পিত শিল্পায়ন করা গেলে স্থানীয় অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসবে।’
তিনি বলেন, ‘ফটিকছড়িকে সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য হিসেবে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে তুলে ধরতে বিডার কার্যকর ভূমিকা প্রয়োজন। এ জন্য সম্ভাব্য বিনিয়োগ খাত চিহ্নিত করা, তথ্যভিত্তিক বিনিয়োগ প্রোফাইল তৈরি, বিশেষ বিনিয়োগ সভা ও রোডশোর আয়োজন করা যেতে পারে। দ্রুত বিডার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ফটিকছড়ি পরিদর্শন করে সম্ভাবনা যাচাই করবে বলে আশা করছি।’
এর আগে, গত ১২ আগস্ট বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে ফটিকছড়িতে আধুনিক ও পরিকল্পিত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব তুলে ধরেছিলেন সংসদ সদস্য সরোয়ার আলমগীর। সে সময় সম্ভাবনা যাচাইয়ে কমিটি গঠন ও সার্ভে টিম পাঠানোর আশ্বাস দেওয়া হয়েছিল।
জাতীয় সংসদে সংসদ সদস্য সরোয়ার আলমগীরের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আরও বলেছেন, ‘ফটিকছড়ির ভৌগোলিক অবস্থান ও বিনিয়োগ সম্ভাবনা বিবেচনায় প্রস্তাবটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। প্রস্তাবিত এলাকায় জমির প্রাপ্যতা, বিদ্যুৎ, গ্যাস, পানি ও অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা রয়েছে কি-না, তা মূল্যায়ন করা হচ্ছে।’
এদিকে ফটিকছড়িতে ইপিজেড প্রতিষ্ঠার দাবি এবং অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রস্তাব পর্যালোচনার খবর স্থানীয় মানুষের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। তাদের আশা, দ্রুত সম্ভাব্যতা যাচাই সম্পন্ন করে সরকার বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করবে এবং বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করবে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে ফটিকছড়ি শুধু কৃষি ও প্রাকৃতিক সম্পদনির্ভর জনপদ হিসেবেই নয় বরং চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও বিনিয়োগকেন্দ্র হিসেবেও গড়ে উঠতে পারে। এতে স্থানীয় কর্মসংস্থান বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার বাসিন্দা ও চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী শওকত উল্লাহ চৌধুরী বলেন, ‘এটি ফটিকছড়ির জন্য অত্যন্ত ইতিবাচক একটি উদ্যোগ। এখানে অনেক ধরনের প্রাকৃতিক সম্পদ এবং সম্ভাবনা রয়েছে, সেগুলোকে কাজে লাগাতে পারলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।’
আশা প্রকাশ করে তিনি বলেন, ‘বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কল্যাণের চিন্তা সর্বোচ্চ অগ্রাধিকারের রেখেছে। সরকার এখানে দ্রুত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন সুযোগ উন্মুক্ত করবে।’
আরটিভি/আইএম




