ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি প্রবৃদ্ধির ৯৮ শতাংশই স্পেন থেকে এসেছে

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১২:২৮ পিএম
ছবি: সংগৃহীত

চলতি বছরের জুলাই-অক্টোবরে ইইউতে তৈরি পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৭৯ শতাংশ বেড়ে ৬ দশমিক ৪৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। অর্থবছর ২০২৬-২৭-এর প্রথম চার মাসে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে, যার মূল চালিকাশক্তি ছিল স্পেন। অন্যদিকে, জার্মানিতে রপ্তানি প্রায় অপরিবর্তিত এবং ফ্রান্সে কমেছে।

বাংলাদেশ অ্যাপারেল ভয়েস কর্তৃক সংকলিত রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ তথ্য জানিয়েছে।

ইউরোপীয় এই জোটের মোট রপ্তানি প্রবৃদ্ধির প্রায় ৯৮ শতাংশই এসেছে স্পেন থেকে, যা এই খাতের পুনরুদ্ধারের সীমিত ভিত্তিকেই স্পষ্ট করে তুলেছে।

আগের বছরের ১ দশমিক ২৮ বিলিয়ন ডলারের তুলনায় স্পেনে রপ্তানি ১৩ দশমিক ৩৬ শতাংশ বেড়ে ১ দশমিক ৪৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ১৭০ দশমিক ৫৬ মিলিয়ন ডলারের এই প্রবৃদ্ধি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে বাংলাদেশের মোট পোশাক রপ্তানি বৃদ্ধির (১৭৪ দশমিক ৫১ মিলিয়ন ডলার) প্রায় পুরোটাই দখল করে আছে। একই সঙ্গে ২২ দশমিক ৫১ শতাংশ শেয়ার নিয়ে জার্মানিকে পেছনে ফেলে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের বৃহত্তম পোশাক রপ্তানি গন্তব্যে পরিণত হয়েছে স্পেন। আগের শীর্ষ গন্তব্য জার্মানিতে কার্যত কোনো প্রবৃদ্ধিই হয়নি। দেশটিতে রপ্তানি মাত্র ০ দশমিক ০১ শতাংশ বেড়ে ১ দশমিক ৪৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যার ফলে এর বাজার শেয়ার দাঁড়িয়েছে ২২ দশমিক ৩৭ শতাংশে।

অন্যান্য প্রধান বাজারগুলোর মধ্যে নেদারল্যান্ডসে রপ্তানি ৮ দশমিক ৬৮ শতাংশ বেড়ে ৭৮৪ দশমিক ৫৭ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আর পোল্যান্ডে রপ্তানি ২ দশমিক ৮৫ শতাংশ বেড়ে হয়েছে ৫৪৫ দশমিক ৯১ মিলিয়ন ডলার। বিপরীতে, ফ্রান্সে রপ্তানি ৭ দশমিক ৮৭ শতাংশ কমে ৬১১ দশমিক ১০ মিলিয়ন ডলারে নেমে এসেছে।

ইউরোপীয় ইউনিয়নের বাকি বাজারগুলোতে সম্মিলিতভাবে রপ্তানি ১ দশমিক ৩৪ শতাংশ কমে ১ দশমিক ৬০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। শীর্ষ পাঁচটি গন্তব্যেই ইউরোপীয় জোটভুক্ত দেশগুলোতে বাংলাদেশের মোট পোশাক রপ্তানির প্রায় ৭৫ শতাংশ গিয়েছে।

শুধুমাত্র অক্টোবর মাসে ইইউমুখী পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় মাত্র ১ দশমিক ১০ শতাংশ বেড়ে ১ দশমিক ৫৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এর মধ্যে ০ দশমিক ৫৯ শতাংশ প্রবৃদ্ধিসহ ৩১৫ দশমিক ৭২ মিলিয়ন ডলার রপ্তানি নিয়ে জার্মানি শীর্ষ গন্তব্য হিসেবে অবস্থান ধরে রেখেছে। এরপরই রয়েছে স্পেন, যেখানে রপ্তানি ১১ দশমিক ৯৫ শতাংশ বেড়ে হয়েছে ২৯৯ দশমিক ২০ মিলিয়ন ডলার। অপরদিকে, ফ্রান্সে রপ্তানি ১৫ দশমিক ২২ শতাংশ কমে ১৬১ দশমিক ৬৯ মিলিয়ন ডলারে নেমে এসেছে।

খাতসংশ্লিষ্ট নেতারা বলছেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের আগে ইউরোপীয় ক্রেতারা ক্রমবর্ধমানভাবে বিকল্প উৎস খুঁজতে থাকায় যে অন্তর্নিহিত প্রতিযোগিতা-সক্ষমতার চ্যালেঞ্জ তৈরি হয়েছে, সামগ্রিক এই সামান্য প্রবৃদ্ধি মূলত সেই সংকটকেই আড়াল করে রাখছে।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ক্রেতারা পণ্য সংগ্রহের বিকল্প উৎস তৈরি করায় ইউরোপীয় বাজারে বাংলাদেশ ধীরে ধীরে তার অবস্থান হারাচ্ছে।

তিনি জানান, ইউরোপীয় ক্রেতারা ক্রমবর্ধমানভাবে ভারতে তাদের পণ্য সংগ্রহের সক্ষমতা বাড়াচ্ছে। তাদের ধারণা, ভারত শুল্কমুক্ত বা অগ্রাধিকারমূলক বাজার সুবিধা ধরে রাখতে পারবে, অথচ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর বাংলাদেশকে উচ্চ শুল্কের মুখে পড়তে হতে পারে—যা ভবিষ্যতের ক্রয়াদেশকে প্রভাবিত করার আশঙ্কা তৈরি করছে।

ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) রপ্তানির ক্ষেত্রে পণ্যের সীমিত বৈচিত্র্যকে আরেকটি বড় প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বলেন, বাংলাদেশ এখনো মূলত তুলাভিত্তিক পোশাকের ওপর অতিমাত্রায় নির্ভরশীল। অথচ চীন ও ভিয়েতনামের মতো প্রতিযোগী দেশগুলোর কৃত্রিম তন্তু বা ম্যান-মেইড ফাইবারজাত পণ্যে শক্তিশালী সক্ষমতা রয়েছে, যা তাদের ক্রেতাদের বহুমুখী চাহিদা পূরণে সহায়তা করছে।

দেশের প্রতিযোগিতা-সক্ষমতা বাড়াতে কৃত্রিম তন্তু ও পণ্যের বৈচিত্র্যকরণে আরও বেশি বিনিয়োগ অপরিহার্য বলে মনে করেন এম এ জব্বার। স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও স্বত্বাধিকারী শোভন ইসলাম বলেন, বাজারে নিজেদের অবস্থান ধরে রাখতে বাংলাদেশকে অবশ্যই প্রতিযোগিতামূলক বাণিজ্য চুক্তি নিশ্চিত করতে হবে এবং ইইউ-র কঠোর যথাযথ যাচাই-বাছাই ও সরবরাহ শৃঙ্খলের স্বচ্ছতা সংক্রান্ত শর্তাবলি পূরণের প্রস্তুতি নিতে হবে।

তিনি বলেন, এলডিসি-পরবর্তী বাজার সুবিধা নিয়ে অনিশ্চয়তা ক্রেতাদের বিকল্প উৎসের দিকে ঝুঁকতে প্ররোচিত করতে পারে। পাশাপাশি, ঋণের উচ্চ সুদহার, মূলধনের সীমিত প্রাপ্যতা এবং জ্বালানির ক্রমবর্ধমান মূল্য উৎপাদনকারীদের প্রতিযোগিতা-সক্ষমতাকে আরও দুর্বল করে দিচ্ছে।

সর্বশেষ পরিসংখ্যান বলছে, স্পেন ও নেদারল্যান্ডসে রপ্তানি বৃদ্ধি কিছুটা স্বস্তি দিলেও জার্মানিতে স্থবিরতা এবং ফ্রান্সসহ অন্যান্য বাজারে রপ্তানি কমে যাওয়ায় এই খাতের পুনরুদ্ধার প্রক্রিয়া এখনো নাজুক অবস্থায় রয়েছে।

এ খাতসংশ্লিষ্ট নেতারা বলছেন, ইউরোপে প্রবৃদ্ধির ধারা টেকসই করতে হলে উন্নত বাণিজ্য চুক্তি, পণ্যের বৈচিত্র্যকরণ এবং ইইউ-র পরিবর্তনশীল শর্তাবলি মানতে আরও শক্তিশালী পদক্ষেপ নিতে হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জয়পুরহাটে ফেলে দেওয়া হাঁসের পালকই এখন ‘কাঁচা সোনা’
জয়পুরহাটে ফেলে দেওয়া হাঁসের পালক হয়ে উঠেছে বৈদেশিক বাণিজ্যের পণ্য। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করা পালক নানা প্রক্রিয়ায় বাছাই ও পরিশোধন করে এই জেলা থেকে পাঠানো হচ্ছে চীন, ভিয়েতনাম, তাইওয়ান ও ভারতসহ বিভিন্ন দেশে। সেখানে এসব পালক ব্যবহার করে তৈরি হচ্ছে জ্যাকেট, কম্বল, চাদর, বালিশ ও ব্যাডমিন্টনের ফেদারের ককসহ বিভিন্ন পণ্য। এমন উদ্যোগে কর্মসংস্থান হয়েছে দরিদ্র-অসহায় নারীসহ বেকার যুবকদের। এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রাণিসম্পদ বিভাগ।
জয়পুরহাটে ফেলে দেওয়া হাঁসের পালকই এখন ‘কাঁচা সোনা’
প্লাস্টিক ও সিরামিক খাতে বাংলাদেশে যৌথ বিনিয়োগে আগ্রহী কুয়েতের ব্যবসায়ীরা
প্লাস্টিক, সিরামিক, চামড়া ও চামড়াজাত পণ্যসহ বিভিন্ন খাতে বাংলাদেশ ও কুয়েতের ব্যবসায়ীরা যৌথ বিনিয়োগের বড় সম্ভাবনা দেখছেন। একই সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেছেন দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। বুধবার (১১ নভেম্বর) ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) উদ্যোগে কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধি দলের এক অনলাইন বৈঠকে এ আগ্রহের কথা উঠে আসে। বৈঠকে সভাপতিত্ব করেন এফবিসিসিআইর প্রশাসক মো. ফজলুল হক। এতে কুয়েত চেম্বারের প্রতিনিধি, এফবিসিসিআইর কর্মকর্তা, কূটনীতিক এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্প উদ্যোক্তারা অংশ নেন। বৈঠকে মো. ফজলুল হক দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সুসম্পর্কের কথা তুলে ধরে কুয়েতি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশের চামড়া, প্লাস্টিক, সিরামিক, প্রক্রিয়াজাত খাদ্য, তৈরি পোশাক ও তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের উল্লেখযোগ্য সুযোগ রয়েছে। এসব খাতে যৌথ উদ্যোগের মাধ্যমে দুই দেশের ব্যবসায়ীরা দ্রুত অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে পারেন। কুয়েতের উচ্চ ক্রয়ক্ষমতা ও বাজার সম্ভাবনার কথা তুলে ধরে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের কাউন্সেলর (পলিটিক্যাল ও এইওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, কুয়েতের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, তথ্যপ্রযুক্তি এবং প্লাস্টিক পণ্যের ব্যাপক সম্ভাবনা রয়েছে। দুই দেশের উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের মধ্যে যোগাযোগ ও অংশীদারিত্ব বাড়াতে বাংলাদেশ দূতাবাস কাজ করছে। আলোচনায় বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শামীম আহমেদ কুয়েতি উদ্যোক্তাদের বাংলাদেশে পেট্রোকেমিক্যাল শিল্পে বিনিয়োগের আহ্বান জানান। প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী বলেন, কুয়েত থেকে উল্লেখযোগ্য পরিমাণ পেট্রোকেমিক্যাল ও পেট্রোলিয়াম পণ্য আমদানি করে বাংলাদেশ। এ ক্ষেত্রে দুই দেশের যৌথ বিনিয়োগের মাধ্যমে নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি হতে পারে। পাশাপাশি দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সহজ করতে ভিসা জটিলতা নিরসনের আহ্বান জানান তিনি। বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাইনুল ইসলাম কুয়েতি উদ্যোক্তাদের বাংলাদেশে সিরামিক খাতে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশে বিদ্যুৎ ও গ্যাসের সীমাবদ্ধতা বিবেচনায় কুয়েতে টেবিলওয়্যার সিরামিক কারখানা স্থাপনে দুই দেশের উদ্যোক্তাদের যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে। অন্যদিকে, কুয়েত চেম্বারের প্রতিনিধি আব্দুল আজিজ কুয়েতের আবাসন খাতে বাংলাদেশে উৎপাদিত সিরামিকসহ বিভিন্ন নির্মাণ-সমাপ্তি পণ্যের বাজার সম্ভাবনার কথা তুলে ধরেন। দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে তথ্য বিনিময় এবং পারস্পরিক যোগাযোগ জোরদারে সক্রিয় ভূমিকা রাখার আশ্বাস দেন কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডেপুটি ডিরেক্টর জেনারেল ইমাদ আল-জায়েদ। অনলাইন বৈঠকে এফবিসিসিআইর মহাসচিব মো. আলমগীর, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধিরা অংশ নেন। আরটিভি/এসআর
প্লাস্টিক ও সিরামিক খাতে বাংলাদেশে যৌথ বিনিয়োগে আগ্রহী কুয়েতের ব্যবসায়ীরা
সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী
বুধবার (১১ নভেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী
ফটিকছড়িতে ‘অর্থনৈতিক অঞ্চল’ প্রতিষ্ঠার উদ্যোগ 
চট্টগ্রামের ফটিকছড়িতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) অথবা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে। 
ফটিকছড়িতে ‘অর্থনৈতিক অঞ্চল’ প্রতিষ্ঠার উদ্যোগ 
ইনানীতে গ্যাসের আগুনের নিচে আছে বড় রিজার্ভার: বাপেক্স
কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ খননের সময় নির্গত গ্যাসের আগুন ও পানির প্রবাহ ১৫ দিনেও বন্ধ হয়নি। দীর্ঘ পর্যবেক্ষণে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি সাময়িক কোনো গ্যাসের পকেট নয়, বরং এর নিচে রয়েছে বড় গ্যাসের রিজার্ভার।
ইনানীতে গ্যাসের আগুনের নিচে আছে বড় রিজার্ভার: বাপেক্স
আরও পড়ুন
ডিআইইউর পুরাতন ক্যাম্পাসে আগুন
শুল্কের ধাক্কায় যুক্তরাষ্ট্রের বাজার ছাড়ছেন ভারতীয় পোশাক রপ্তানিকারকরা
কেন প্রকাশ্যে এত চুমু খায় স্প্যানিশরা?
ইয়ামালকে নিয়ে বড় দুঃসংবাদ পেল স্পেন