
তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ২২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। অন্যদিকে, মালিকপক্ষ সর্বশেষ প্রস্তাবে ১৫ হাজার ৮০০ টাকা দিতে চেয়েছে। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ব্যবধান ৬ হাজার ২০০ টাকা। দীর্ঘ আলোচনার পরও মজুরি নিয়ে সমঝোতা না হওয়ায় স্থগিত করা হয়েছে নিম্নতম মজুরি বোর্ডের সভা।
সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভায় কয়েক ঘণ্টার আলোচনার পর দুই পক্ষ তাদের আগের প্রস্তাব সংশোধন করে। আজ (২৪ নভেম্বর) দুপুর ২টায় আবারও সভা বসার কথা রয়েছে।
মজুরি বোর্ড সূত্রে জানা গেছে, সোমবারের (২৩ নভেম্বর) সভার শুরুতে মালিকপক্ষ শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। দীর্ঘ আলোচনার পর দুই দফায় সংশোধন করে শেষ পর্যন্ত ১৫ হাজার ৮০০ টাকা প্রস্তাব করে তারা।
অন্যদিকে, শ্রমিকপক্ষ আগের সভায় ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি জানিয়েছিল। সোমবারের (২৩ নভেম্বর) সভায় সেই প্রস্তাব কমিয়ে ২২ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়।
সোমবার (২৩ নভেম্বর) বেলা পৌনে ১২টায় শুরু হওয়া সভা কয়েক দফা বিরতির পর রাত সাড়ে ৮টা পর্যন্ত চলে। প্রায় সাড়ে আট ঘণ্টা আলোচনার পরও দুই পক্ষ একমত হতে পারেনি। ফলে পরবর্তী আলোচনার জন্য সভা মুলতবি করা হয়।
মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি সাংবাদিকদের বলেন, মজুরি নির্ধারণের ক্ষেত্রে মূল্যস্ফীতি, শ্রমিকদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যসংখ্যা, মালিকদের আর্থিক সক্ষমতা, ছোট ও মাঝারি শিল্পের অবস্থা এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতা বিবেচনায় নেওয়া হচ্ছে।
তিনি জানান, মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিয়েছে। তবে বোর্ডের চূড়ান্ত সুপারিশ এবং সরকার নির্ধারিত মজুরিই শেষ পর্যন্ত কার্যকর হবে। এ কারণে আপাতত মালিকপক্ষের প্রস্তাব প্রকাশ করা হচ্ছে না।
শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার গণমাধ্যমকে বলেন, মালিকপক্ষ সব সময় তুলনামূলক কম প্রস্তাব দিয়ে আলোচনা শুরু করে। তাদের সর্বশেষ প্রস্তাব শ্রমিকপক্ষের কাছে গ্রহণযোগ্য ও যুক্তিসংগত মনে হয়নি। অন্যদিকে, মালিকপক্ষও শ্রমিকদের প্রস্তাব গ্রহণ করেনি। তাই আলোচনার মাধ্যমে দুই পক্ষকে সমাধানে আসতে হবে।
এদিকে, মজুরি বৃদ্ধির দাবিতে সোমবারও গাজীপুর ও সাভারের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। শ্রমিক অসন্তোষের কারণে সাভারের আশুলিয়ায় ৩৩টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এ ছাড়া বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী বন্ধ ছিল আরও ২২টি কারখানা। নিশ্চিন্তপুর এলাকায় বিক্ষোভ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় তিন শ্রমিক আহত হয়েছেন।
শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর আওতাধীন সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় বিভিন্ন খাতের মোট কারখানা রয়েছে ১ হাজার ৭২৩টি। এর মধ্যে তৈরি পোশাক কারখানা ৭৩৬টি।
উল্লেখ্য, পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। এরপর ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেয়। ১৬ নভেম্বর তৃতীয় সভা হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। পরে সেই সভা সোমবার অনুষ্ঠিত হয়।
আরটিভি/জেএমএ



