
দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ গত ২১ নভেম্বর রাতে সোনার দাম সমন্বয় করে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ৬ হাজার ১৮২ টাকা কমানো হয় ২২ ক্যারেট সোনার দাম। ফলে নতুন ঘোষণা না আসা পর্যন্ত সোমবার (২৩ নভেম্বর) নির্ধারিত কমানো দামেই দেশের বাজারে বিক্রি হচ্ছে সোনা।
বাজুসের সর্বশেষ মূল্য তালিকা অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকায়।
অন্যদিকে, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকায়।
এর আগে গত ২০ নভেম্বর সকালে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা।
এর আগে ১৯ নভেম্বর ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয় ২ লাখ ১২ হাজার ১১০ টাকা। ১৮ নভেম্বরও ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল। ওই দিন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা।
এ ছাড়া নভেম্বর মাসের ৬, ১১, ১২, ১৩ ও ১৪ তারিখেও কয়েক দফায় সোনার দাম কমিয়েছিল বাজুস।
বাজুসের নির্দেশনা অনুযায়ী, স্বর্ণালঙ্কার বিক্রির ক্ষেত্রে ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে সোনা ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
এ ছাড়া মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে পুরোনো স্বর্ণালঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পুরোনো স্বর্ণালঙ্কার কেনার ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। তবে এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই।
বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নির্ধারিত মূল্য কার্যকর থাকবে।
আরটিভি/এসকে



