ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টের পথে চট্টগ্রাম বন্দর

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ এএম
বন্দর ভবন। ছবি: সংগৃহীত

পরিবেশবান্ধব ও টেকসই বন্দর ব্যবস্থাপনা গড়ে তুলতে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সরকারের ‘গ্রিন পোর্ট ইনিশিয়েটিভ’-এর আওতায় বন্দরের বিভিন্ন প্রশাসনিক ভবন ও পণ্য রাখার শেডের অব্যবহৃত ছাদে ৮ দশমিক ৪২ মেগাওয়াট-পিক (এমডব্লিউপি) ক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে আগামী ২০ বছরে বিদ্যুৎ বিল বাবদ প্রায় ১০০ কোটি টাকা সাশ্রয়ের পাশাপাশি কার্বন নিঃসরণ কমিয়ে আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টে পরিণত হওয়ার পথও সুগম হবে বলে আশা করছে বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, গত ১৯ অক্টোবর সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনে বেসরকারি প্রতিষ্ঠান গ্রিনার গার্মেন্টস ইনিশিয়েটিভস লিমিটেডের (জিজিআই) সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)।

চুক্তিতে স্বাক্ষর করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মুনিরুজ্জামান ও জিজিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ নূরে আলম ।

জিজিআই-এর সিইও মোহাম্মদ নূরে আলম জানান, অক্টোবরে চুক্তি স্বাক্ষরের পর থেকে প্রকল্পটি প্রস্তুতিমূলক পর্যায়ে রয়েছে। এ পর্যায়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কারিগরি ডিজাইন, প্রকৌশল এবং যন্ত্রপাতি ও মালামাল সংগ্রহের কাজ চলছে। চট্টগ্রাম বন্দর একটি অত্যন্ত নিয়ন্ত্রিত, জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনা বলে এ ধরনের বন্দরে যেকোনো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অনেক বিষয় সতর্কতার সঙ্গে বিবেচনা করতে হয়।

তিনি বলেন, সৌরবিদ্যুৎ স্থাপন একটি কারিগরি প্রক্রিয়া এবং এর সঙ্গে অনেকগুলো বিষয় জড়িত। যেমন-ছাদের প্রস্তুতি, যন্ত্রপাতি স্থাপনের উপযোগী প্রবেশপথ, বিস্তারিত বৈদ্যুতিক নকশা ও সংযোগের পদ্ধতি নির্ধারণ, নেট মিটারিং ব্যবস্থা, সরঞ্জাম সংগ্রহ, সংরক্ষণ, প্রয়োজনীয় অনুমোদন, নির্মাণকাজের জন্য পৃথক প্রকল্পভিত্তিক বিদ্যুৎ সংযোগ ও মিটার স্থাপন এবং প্রয়োজনীয় জনবল ও অন্যান্য সম্পদ নিয়োগ।

বাংলাদেশের বেশির ভাগ আমদানি-রপ্তানি বাণিজ্য পরিচালিত হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। এসব কাজ পরিচালনার জন্য বন্দরের ১৮টি কি গ্যান্ট্রি ক্রেনসহ ১০ ধরনের প্রায় ১৬৯টি বিশেষায়িত ক্রেন রয়েছে। এ ছাড়া জেটি ও কনটেইনার ইয়ার্ডে ব্যবহৃত হয় ২২ ধরনের ২৭২টি যন্ত্রপাতি। পণ্য পরিবহন ও অভ্যন্তরীণ যাতায়াতে রয়েছে ৩০ হাজারের বেশি যানবাহন।

এসবের বেশির ভাগই জীবাশ্ম জ্বালানিনির্ভর। বর্তমানে বন্দরের দৈনিক বিদ্যুতের চাহিদা ৭ থেকে ১৩ মেগাওয়াট। এ জন্য প্রতি মাসে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) ৫০ কোটি টাকার বেশি বিল দিতে হয়। এই প্রকল্পের আওতায় দিনে সর্বোচ্চ ৮.৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে, যা দিয়ে দিনের বেলায় বন্দরের গড় চাহিদা প্রায় সাত মেগাওয়াট হওয়ায় উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে।

চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটি আগামী ২০ বছর প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও কারিগরি সহায়তা দেবে। দিনে সৌরবিদ্যুৎ এবং রাতে জাতীয় গ্রিডের বিদ্যুতে চলবে বন্দরের কার্যক্রম।

আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যের সঙ্গে সংগতি রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বন্দরে প্রতিবছর চার হাজারের বেশি আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজ আসা-যাওয়া করে। ভবিষ্যতে উদ্বৃত্ত সৌরবিদ্যুৎ এসব জাহাজে সরবরাহ করা গেলে বন্দরে অবস্থানকালে ভারী তেলচালিত জেনারেটর বন্ধ রাখা সম্ভব হবে। এতে বায়ুদূষণ কমবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, চুক্তি অনুযায়ী, জিজিআই সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে অপারেটিং এক্সপেনস (ওপেক্স) মডেলে প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রতিষ্ঠানটি সৌরবিদ্যুৎকেন্দ্রের নকশা প্রণয়ন, সরঞ্জাম সংগ্রহ, নির্মাণ, পরীক্ষা, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে। ফলে প্রকল্প বাস্তবায়নে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে শুরুতে কোনো মূলধনি বিনিয়োগ করতে হবে না।

সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো জরুরি মন্তব্য করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক সদস্য মো. জাফর আলম বলেন, বন্দরের যন্ত্রপাতি ও জাহাজ থেকে বিপুল পরিমাণ কার্বন নিঃসরণ হয়। তা ছাড়া বর্তমানে আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি, তা মূলত জীবাশ্ম জ্বালানিনির্ভর উৎস থেকেই আসে। বন্দরের ছাদ ও ফাঁকা শেড কাজে লাগাতে পারলে ভবিষ্যতে উৎপাদনক্ষমতা ২০ থেকে ২৫ মেগাওয়াটে উন্নীত করা সম্ভব।

কার্বন নিঃসরণবিষয়ক গবেষক ড. মোহাম্মদ আল আমিন বলেন, কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণে আনার সবচেয়ে কার্যকর পথ হলো বন্দরকে দ্রুত সৌরবিদ্যুতের আওতায় আনা। জাহাজ বন্দরে অবস্থানের সময় সৌরবিদ্যুৎ দিয়ে প্রয়োজনীয় কার্যক্রম চালানো গেলে চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টে রূপান্তর করা সম্ভব।

বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, এই প্রকল্প চালুর পর দিনে সোলার বিদ্যুৎ ব্যবহার করলে একদিকে যেমন দেশের জাতীয় গ্রিডের ওপর বন্দরের বিদ্যুতের চাপ কমবে, অন্যদিকে জীবাশ্ম জ্বালানির ওপর আমাদের নির্ভরশীলতাও উল্লেখযোগ্য হারে বাড়বে।

তিনি জানান, চুক্তি অনুযায়ী বাণিজ্যিক উৎপাদন শুরুর পরবর্তী ২০ বছর জিজিআই বন্দরকে সৌরবিদ্যুৎ সরবরাহ করবে। নির্ধারিত ট্যারিফে এ বিদ্যুৎ কিনবে বন্দর কর্তৃপক্ষ। প্রকল্পটির আওতায় প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য সরকারি নির্ধারিত সর্বোচ্চ সীমা ১০ টাকা ৫০ পয়সার মধ্যে রাখা হয়েছে।

বন্দর সূত্র জানায়, বর্তমানে বন্দরের বিদ্যুতের চাহিদা দৈনিক ৭ থেকে ১৩ মেগাওয়াটের মধ্যে ওঠানামা করে। সৌরবিদ্যুৎকেন্দ্রটি চালু হলে দিনের বেলায় বন্দরের বিদ্যুৎ চাহিদার একটি অংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণ করা সম্ভব হবে। উৎপাদিত বিদ্যুতের উদ্বৃত্ত অংশ ভবিষ্যতে নেট মিটারিং ব্যবস্থায় জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনাও রয়েছে।

বন্দর কর্তৃপক্ষের আরও জানিয়েছে প্রকল্পটি বাস্তবায়িত হলে বিদ্যুৎ ব্যয় কমানোর পাশাপাশি জাতীয় গ্রিডের ওপর চাপ হ্রাস এবং জীবাশ্ম জ্বালানিনির্ভর বিদ্যুতের ব্যবহার কমানো সম্ভব হবে। এতে গ্রিনহাউস গ্যাস ও কার্বন নিঃসরণ হ্রাসে ভূমিকা রাখবে। একইসঙ্গে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং টেকসই বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠার ক্ষেত্রে উদ্যোগটি সহায়ক হবে।

আগামী ফেব্রুয়ারি থেকে আংশিক সৌরবিদ্যুৎ সরবরাহের প্রত্যাশা করছে বন্দর কর্তৃপক্ষ। এ লক্ষ্যে বন্দর এলাকায় শেডগুলোর ছাদে প্রকল্পের প্রাথমিক প্রস্তুতিমূলক কাজ শুরুর মধ্য দিয়ে অর্থনৈতিক সাশ্রয়, জ্বালানি দক্ষতা ও পরিবেশ সুরক্ষার সমন্বয়ে চট্টগ্রাম বন্দরকে আরও পরিবেশবান্ধব করে তোলার উদ্যোগ এগিয়ে যাচ্ছে বলে জানান বন্দর সচিব।

সংশ্লিষ্টরা মনে করছেন, বন্দরের অব্যবহৃত ছাদ ও স্থাপনাগুলোকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে কাজে লাগানোর এ উদ্যোগ দেশের অন্যান্য বন্দর ও শিল্পপ্রতিষ্ঠানের জন্যও অনুসরণযোগ্য দৃষ্টান্ত হতে পারে।

তবে চট্টগ্রাম বন্দরকে পূর্ণাঙ্গ গ্রিন পোর্টে রূপান্তর করতে সৌরবিদ্যুতের পাশাপাশি জাহাজ, ক্রেন, পণ্য ওঠানামার যন্ত্রপাতি ও অভ্যন্তরীণ পরিবহনে জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহারও বাড়াতে হবে বলেও মত দেন তারা। সূত্র: বাসস

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মজুরি বোর্ডের চতুর্থ সভা দুপুরে
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে চতুর্থবারের মত আজ (২৪ নভেম্বর) আবারও বৈঠকে বসছে নিম্নতম মজুরি বোর্ড।
মজুরি বোর্ডের চতুর্থ সভা দুপুরে
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার গহনার দাম। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ভ্যাটসহ দাঁড়িয়েছে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা।
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
মালিকদের প্রস্তাব নাকচ শ্রমিকপক্ষের, আরও আলোচনা
তৈরি পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডে প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ভবনে বোর্ডের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়।
মালিকদের প্রস্তাব নাকচ শ্রমিকপক্ষের, আরও আলোচনা
বিশ্বে সবচেয়ে বেশি সোনা উৎপাদন করে যে দেশ
বিশ্বের সবচেয়ে মূল্যবান ধাতুর মধ্যে সোনা অন্যতম। সোনা শুধু অলংকার বা বিনিয়োগের মাধ্যম নয়, মূল্যবান এই ধাতু এখন একটি দেশের অর্থনৈতিক নিরাপত্তা ও ভূরাজনৈতিক শক্তির গুরুত্বপূর্ণ সূচকে পরিণত হয়েছে। বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি সোনা উৎপাদনকারী দেশ চীন।
বিশ্বে সবচেয়ে বেশি সোনা উৎপাদন করে যে দেশ
২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয়
চলতি নভেম্বর মাসের প্রথম ২২ দিনে দেশে ২৩৫ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ (এক ডলার ১২৩ টাকা হিসাব) ২৮ হাজার ৯৯১ কোটি ১০ লাখ টাকা।
২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয়
আরও পড়ুন
২০৩০ সালের মধ্যে আঞ্চলিক শিপিং হাব হবে চট্টগ্রাম বন্দর
চট্টগ্রাম বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ওয়ারিয়র
চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনকে নিয়োগ, করা যাবে অষ্টম শ্রেণি পাসেও আবেদন
চট্টগ্রাম বন্দরে সৌরবিদ্যুতের উদ্যোগ, চাহিদা মিটিয়ে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডেও