
চাকরির পেছনে না ছুটে নিজের ব্যবসা গড়ে তুলতে চান অনেক তরুণ। কিন্তু পুঁজি ও আর্থিক সহায়তার অভাবে অনেকেরই সেই স্বপ্ন বাস্তবে রূপ পায় না। তরুণদের ব্যবসা শুরু ও সম্প্রসারণে সহায়তা দিতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ কর্মসূচিতে এবার নির্বাচিত হয়েছেন ৬৪০ জন উদ্যোক্তা। দেশের আট জেলার ৬৪টি উপজেলা থেকে তাদের চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত বিজ্ঞপ্তিতে নির্বাচিত উদ্যোক্তাদের তালিকা প্রকাশ করা হয়। তালিকাটি কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
কোন ৮ জেলার উদ্যোক্তারা নির্বাচিত?
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে দেশের আট জেলার ৬৪টি উপজেলায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। জেলাগুলো হলো— মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর, নেত্রকোনা।
প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে মোট ৬৪০ জন উদ্যোক্তাকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে।
কীভাবে পাবেন ২০ লাখ টাকা?
কর্মসূচির আওতায় নির্বাচিত উদ্যোক্তারা নতুন ব্যবসা শুরু অথবা আগে থেকে থাকা ব্যবসা সম্প্রসারণের জন্য সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন।
এই অর্থের অর্ধেক ব্যাংকঋণ এবং বাকি অর্ধেক অনুদান হিসেবে দেওয়া হবে। অর্থাৎ সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংকঋণ এবং সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান।
এ অর্থায়নের জন্য কোনো সহায়তামূলক জামানত দিতে হবে না। তবে ঋণের অর্থ নির্ধারিত খাতে ব্যবহার করতে হবে এবং সময়মতো কিস্তি পরিশোধ করতে হবে।
শর্ত ভঙ্গ করলে অনুদানের সুবিধা বাতিল হতে পারে। সে ক্ষেত্রে অনুদানের অর্থও ঋণে রূপান্তরিত হবে এবং সরকারি পাওনা হিসেবে আদায় করা হবে।
বাকি ৫৬ জেলার তরুণদেরও সুযোগ
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাকি ৫৬ জেলার প্রতিটি উপজেলার আগ্রহী তরুণদের কাছ থেকে আবেদন গ্রহণ চলছে। আগ্রহীরা নিজ নিজ উপজেলায় অবস্থিত যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় আবেদন জমা দিতে পারবেন।
অর্থাৎ, যেসব জেলার উদ্যোক্তারা এখনো নির্বাচিত হননি, তাঁদের জন্যও কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ রয়েছে।
কারা আবেদন করতে পারবেন?
কর্মসূচিতে আবেদন করতে হলে প্রার্থীর বয়স আবেদন গ্রহণের শেষ তারিখে সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। পাশাপাশি থাকতে হবে— সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা এবং বাস্তবায়নযোগ্য ব্যবসায়িক পরিকল্পনা।
তবে আগে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া ব্যক্তি, ঋণখেলাপি এবং সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা এ সুবিধার জন্য যোগ্য বিবেচিত হবেন না।
যেসব ব্যবসায় পাওয়া যাবে সহায়তা
কর্মসূচির আওতায় বিভিন্ন ধরনের ব্যবসায়িক উদ্যোগে অর্থায়নের সুযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে কৃষিভিত্তিক শিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, পশুপালন, পর্যটন, হালকা প্রকৌশল ও নবায়নযোগ্য জ্বালানি।
এছাড়া অনলাইন বাণিজ্য, আর্থিক প্রযুক্তি, শিক্ষা প্রযুক্তি, কৃষি প্রযুক্তি ও স্বাস্থ্য প্রযুক্তির মতো প্রযুক্তিনির্ভর উদ্যোগেও অর্থায়ন করা হবে।
আবেদন করতে লাগবে যেসব কাগজপত্র
আবেদনের জন্য নির্ধারিত ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, ক্ষুদ্র ও মাঝারি শিল্পবিষয়ক পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
পূরণ করা আবেদন ফরমের সঙ্গে জমা দিতে হবে—
তরুণদের উদ্যোক্তা করে তোলার উদ্যোগ
তরুণদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে নয়, বরং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই বাংলাদেশ ব্যাংক এ কর্মসূচি চালু করেছে। এর মাধ্যমে নতুন ব্যবসা গড়ে ওঠার পাশাপাশি দেশে বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
পুঁজি সংকটে যেসব তরুণের ব্যবসা শুরু করার স্বপ্ন আটকে আছে, তাদের জন্য এ কর্মসূচি হতে পারে নতুন সম্ভাবনার দরজা।
আরটিভি/জেএমএ




